ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার চলমান সংঘাতের রেশ এবার ছড়িয়ে পড়েছে বাহরাইনে। দেশটির সিত্রা দ্বীপে ইরানপন্থি বিক্ষোভকারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর রক্তক্ষয়ী সংঘর্ষের খবর পাওয়া গেছে। এরই মধ্যে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) দাবি করেছে, তারা বাহরাইনে অবস্থিত একটি মার্কিন বিমানঘাঁটিতে শক্তিশালী ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।
তুরস্কের সংবাদমাধ্যম ‘তুর্কিয়ে টুডে’ ও বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য অনুযায়ী, সোমবার (২ মার্চ) রাত থেকে বাহরাইনের সিত্রা দ্বীপে বিক্ষোভ শুরু হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, নিরাপত্তা বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের তুমুল সংঘর্ষ চলছে। জননিরাপত্তা বিঘ্নিত করার অভিযোগে এবং বিক্ষোভ দমনে বেশ কয়েকজনকে আটক করেছে বাহরাইন পুলিশ।
বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, গুরুতর অপরাধ ও জননিরাপত্তা হুমকির মুখে ফেলার দায়ে কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে কয়েকজন ইরানের হামলার পক্ষে সামাজিক মাধ্যমে প্রচারণা চালাচ্ছিল। মন্ত্রণালয় আরও দাবি করেছে, কিছু অশুভ চক্র কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ব্যবহার করে ভুয়া ভিডিও তৈরি করে জনগণের মধ্যে আতঙ্ক ছড়ানোর চেষ্টা করছে।
মার্কিন ঘাঁটিতে হামলার দাবি
এদিকে, ইরানের আইআরজিসি এক বিবৃতিতে জানিয়েছে, তাদের ‘অপারেশন ট্রু প্রমিস ৪’-এর অংশ হিসেবে বাহরাইনের শেখ ইসা এলাকায় অবস্থিত মার্কিন বিমানঘাঁটিতে হামলা চালানো হয়েছে। আইআরজিসি দাবি করেছে, তাদের নৌবাহিনী ভোরে ২০টি ড্রোন এবং ৩টি ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ওই ঘাঁটির প্রধান কমান্ড সদরদপ্তর ধ্বংস করে দিয়েছে। যদিও এই দাবির পক্ষে এখন পর্যন্ত কোনো নিরপেক্ষ প্রমাণ পাওয়া যায়নি।
হামলার খবরের পরপরই বাহরাইনজুড়ে সতর্ক সংকেত বা সাইরেন বাজতে শোনা যায়। দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হওয়ায় আকাশজুড়ে বিকট বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। মধ্যপ্রাচ্যে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার এই মুখোমুখি অবস্থান পুরো অঞ্চলকে একটি বড় ধরনের যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা।
সূত্র: তুর্কিয়ে টুডে
মানবকণ্ঠ/আরআই




Comments