Image description

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীকের বিষয়টি চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোনো নির্বাচন অনুষ্ঠিত হবে না। 

মঙ্গলবার দুপুরে সিলেট সিটি করপোরেশনের কর্মকতা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী।

প্রতিমন্ত্রী শাহে আলম বলেন, “বিগত সরকারের সময় আইন পরিবর্তন করে স্থানীয় সরকার নির্বাচনগুলোতে জাতীয় প্রতীক বা দলীয় প্রতীক দিয়ে নির্বাচন করা হয়েছে এবং সেটা অনেক প্রশ্নবিদ্ধ হয়েছে। দলীয় প্রতীক ছাড়া সাধারণ প্রতীকে নির্বাচন হওয়ার ব্যাপারে একটা অধ্যাদেশ অন্তবর্তীকালীন সরকার জারি করেছেন।

“আগামী ১২ মার্চ অধ্যাদেশ সংসদে উপস্থাপন করা হবে। পার্লামেন্ট কোন অধ্যাদেশগুলো গ্রহণ করবে বা কোনটি করবেন না এটা ওইদিন সিদ্ধান্ত হবে।’’

মীর শাহে আলম বলেন, “প্রতীকের বিষয়টি চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করা হবে না। সংসদে আইন আকারে পাস হওয়ার পর দ্রুততম সময়ের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে।’’

সিটি করপোরেশনের ওয়ার্ডগুলোতে প্রশাসক নিয়োগ দেওয়া হবে কিনা এ প্রশ্নের উত্তরে তিনি বলেন, “জাতীয় পর্যায় থেকে সিদ্ধান্ত এলে প্রয়োজনে ওয়ার্ড পর্যায়েও প্রশাসক নিয়োগ দেওয়া হতে পারে।’’

এছাড়া নগরীর কবি নজরুল অডিটরিয়ামের নাম আবার সাবেক অর্থমন্ত্রী প্রয়াত এম সাইফুর রহমানের নামে ফিরিয়ে দেওয়া হচ্ছে বলেও জানিয়েছেন তিনি।

সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরীসহ অন্যান্য কর্মকর্তরা উপস্থিত ছিলেন। এর আগে সকালে সংক্ষিপ্ত সফরে সিলেট আসেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। পরে হযরত শাহজালাল (রহ.) মাজার জিয়ারত করেন তিনি।