Image description

বগুড়ায় নয়, রাজধানীর কড়াইল বস্তিতে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ১০ মার্চ এই মানবিক কর্মসূচির যাত্রা শুরু হবে। মঙ্গলবার (৩ মার্চ) বিকেলে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন সমাজকল্যাণমন্ত্রী ডা. এ বি এম জাহিদ হোসেন।

এর আগে পরিকল্পনা ছিল প্রধানমন্ত্রী তার নিজের এলাকা বগুড়ায় এই কর্মসূচির উদ্বোধন করবেন। তবে বগুড়া-৬ আসনের উপনির্বাচন চলায় নির্বাচনী আচরণবিধি ও নিরপেক্ষতা বজায় রাখতে প্রধানমন্ত্রী এই সফর স্থগিত করেছেন বলে জেলা প্রশাসন সূত্রে জানা গেছে।

কী থাকছে ফ্যামিলি কার্ডে? সরকারের এই অগ্রাধিকারমূলক প্রকল্পের আওতায় পাইলট প্রকল্প হিসেবে দেশের ১৪টি জেলার সুনির্দিষ্ট কয়েকটি ইউনিয়ন ও ওয়ার্ডে এই কার্ড বিতরণ করা হবে। প্রাথমিকভাবে দেশের হতদরিদ্র, দরিদ্র ও নিম্নবিত্ত—এই তিন শ্রেণির পরিবার অগ্রাধিকার ভিত্তিতে ফ্যামিলি কার্ড পাবে। এই কার্ডের মাধ্যমে প্রতি মাসে সুবিধাভোগী পরিবারগুলো ২ হাজার ৫০০ টাকা করে সরাসরি আর্থিক সহযোগিতা পাবে।

উদ্বোধনী কার্যক্রম ও পাইলট এলাকা: আগামী ১০ মার্চ রাজধানীর কড়াইল বস্তিতে উদ্বোধনের পাশাপাশি ঢাকা উত্তর সিটি করপোরেশনের সাততলা ও ভাষানটেক বস্তি এবং মিরপুরের বাগানবাড়ি বস্তিতেও এই কার্যক্রম শুরু হবে।

পাইলট প্রকল্পের জন্য নির্বাচিত অন্যান্য এলাকাগুলো হলো—বগুড়া সদরের শাখারিয়া, রাজবাড়ীর পাংশা, চট্টগ্রামের পতেঙ্গা, ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর, বান্দরবানের লামা, খুলনার খালিশপুর, ভোলার চরফ্যাশন, সুনামগঞ্জের দিরাই, কিশোরগঞ্জের ভৈরব, নাটোরের লালপুর, ঠাকুরগাঁও সদর ও দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার একটি করে নির্দিষ্ট ওয়ার্ড বা ইউনিয়ন।

সমাজকল্যাণমন্ত্রী জানান, এই প্রকল্পের মাধ্যমে প্রান্তিক মানুষের জীবনমান উন্নয়ন ও সরাসরি আর্থিক নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য। পর্যায়ক্রমে এই কর্মসূচি সারা দেশে বিস্তৃত করা হবে।

মানবকণ্ঠ/আরআই