Image description

এসএসসি ও সমমান পরীক্ষায় যেকোনো ধরনের অনিয়ম ও নকল রোধে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছেন, ‘পরীক্ষাকেন্দ্রের টয়লেটে যদি কোনো নকল পাওয়া যায়, তবে তার জন্য সংশ্লিষ্ট কেন্দ্র কর্তৃপক্ষকে সরাসরি দায়ী করা হবে।’

মঙ্গলবার (৩ মার্চ) সকাল ১০টায় শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে সব শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা ও প্রাথমিক এবং গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

শিক্ষামন্ত্রী বলেন, নকলমুক্ত ও স্বচ্ছ পরীক্ষা নিশ্চিত করতে দেশব্যাপী জেলা পর্যায়ে মোটিভেশনাল সভা করা হবে। ডিজিটাল ডিভাইসের মাধ্যমে জালিয়াতি রোধে প্রয়োজনে নতুন আইন প্রণয়ন করা হবে। তিনি আরও নির্দেশ দেন যে, কেন্দ্রে প্রবেশের সময় পরীক্ষার্থীদের যথাযথভাবে ‘বডি সার্চ’ নিশ্চিত করতে হবে এবং শিক্ষকদের সক্রিয় ভূমিকা পালন করতে হবে।

পরীক্ষার মান ও মূল্যায়ন সম্পর্কে মন্ত্রী স্পষ্ট জানিয়ে দেন, মেধাভিত্তিক জাতি গঠনে অটোপাসের আর কোনো সুযোগ দেওয়া হবে না। ব্যবহারিক পরীক্ষায় ঢালাওভাবে গড় নম্বর দেওয়ার প্রচলিত প্রথা বন্ধ করে প্রকৃত মূল্যায়নের ওপর জোর দেওয়া হবে। এছাড়া পরীক্ষা চলাকালীন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্ন নিয়ে কোনো ধরনের বিভ্রান্তি বা কনটেন্ট ছড়ালে জড়িতদের বিরুদ্ধে তাৎক্ষণিক কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানান তিনি।

শিক্ষাব্যবস্থার সমন্বিত উন্নয়নের লক্ষ্যে মন্ত্রী বলেন, যেসব জেলায় জিলা স্কুল নেই, সেখানে প্রথম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত (উচ্চ মাধ্যমিক স্কুলের আদলে) জিলা স্কুল প্রতিষ্ঠার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষা সুষ্ঠু, স্বচ্ছ ও সময়োপযোগীভাবে পরিচালনার জন্য সংশ্লিষ্ট সকলকে দায়িত্বশীলতার সাথে কাজ করার আহ্বান জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

মানবকণ্ঠ/আরআই