গায়ের জোরে নয়, আইনি প্রক্রিয়ায় স্থায়ীভাবে বন্ধ হবে বালু উত্তোলন: হুমাম কাদের চৌধুরী
চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনের সংসদ সদস্য হুমাম কাদের চৌধুরী বলেছেন, গায়ের জোরে নয় বরং আইনের মাধ্যমেই নদী থেকে বালু উত্তোলন স্থায়ীভাবে বন্ধ করা হবে। তিনি বলেন, নদী থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধ করা আমার নির্বাচনী অঙ্গীকার এবং তা বাস্তবায়নে প্রয়োজনীয় সকল আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
মঙ্গলবার (৩ মার্চ) সকালে রাঙ্গুনিয়া উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নদী রক্ষা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাজমুল হাসান।
হুমাম কাদের চৌধুরী বলেন, "বিগত ১৬ বছর যারা বালু উত্তোলনের সঙ্গে জড়িত ছিল এবং গত ১৮ মাস যারা এই ব্যবসা দেখভাল করেছে—উভয় সময়েই কার্যক্রম বন্ধ হয়নি, কেবল হাতবদল হয়েছে। রাঙ্গুনিয়ার স্বার্থে বালু উত্তোলন যদি স্থায়ীভাবে বন্ধ করা যায়, তবে তা এই অঞ্চলের জন্য একটি ঐতিহাসিক সিদ্ধান্ত হবে।"
সভায় বক্তব্য দেন রাঙ্গুনিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আরমান হোসেন, দক্ষিণ রাঙ্গুনিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) হিলাল উদ্দিন আহমদ, উপজেলা কৃষি কর্মকর্তা ইমরুল কায়েস, পানি উন্নয়ন বোর্ড চট্টগ্রামের উপ-বিভাগীয় প্রকৌশলী সামশুল আরেফিন, উপজেলা প্রকৌশলী রেজাউল করিম এবং উপজেলা মৎস্য কর্মকর্তা সুজাত কুমার চৌধুরী। এছাড়াও নদী রক্ষা কমিটির সদস্য শওকত আলী নূর, মো. ইউনুছ মিয়া ও আব্বাস হোসাইন আফতাব উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা নদীর নাব্যতা রক্ষা এবং অবৈধ দখল ও বালু উত্তোলন রোধে প্রশাসনের কঠোর নজরদারির ওপর গুরুত্বারোপ করেন। সংসদ সদস্য উপস্থিত কর্মকর্তাদের জনস্বার্থে দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশনা প্রদান করেন।
মানবকণ্ঠ/ডিআর




Comments