Image description

আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে জনদুর্ভোগ কমাতে এবং দীর্ঘদিনের যানজট নিরসনে কঠোর অবস্থানে দাঁড়িয়েছেন নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান। সোনারগাঁয়ের প্রাণকেন্দ্র মোগরাপাড়া চৌরাস্তার ফুটপাত ও সরকারি জায়গা দখলমুক্ত করতে প্রশাসনকে ২৪ ঘণ্টার সময় বেঁধে দিয়েছেন তিনি।

মঙ্গলবার (৩ মার্চ) দুপুরে মোগরাপাড়া চৌরাস্তা এলাকা সরজমিনে পরিদর্শনে গিয়ে তিনি এই আল্টিমেটাম দেন। পরিদর্শনকালে এমপি মান্নান দেখতে পান, সরকারি জায়গা দখল করে সেখানে গড়ে তোলা হয়েছে অবৈধ বাসস্ট্যান্ড, কাঁচাবাজার ও নানা অস্থায়ী স্থাপনা। এসব দখলের কারণে সাধারণ মানুষ ও যানবাহনের চলাচলে চরম বিঘ্ন ঘটছে এবং সৃষ্টি হচ্ছে তীব্র যানজট।

পরিদর্শন শেষে উপস্থিত সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, “বিগত সময়ে কারা কী করেছেন তা আমার দেখার বিষয় নয়। আমি জনগণের ভোটে নির্বাচিত হয়েছি, তাই জনগণের ভোগান্তি লাঘব করা আমার প্রধান দায়িত্ব। ঈদকে সামনে রেখে মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে আমি নিজে এই উচ্ছেদ কার্যক্রম তদারকি করব।”

তিনি আরও বলেন, “কিছু অসাধু ব্যক্তি সাধারণ মানুষের কাছ থেকে অনৈতিকভাবে অর্থ আদায় করে পুনরায় রাস্তা দখলের সুযোগ করে দেয়। তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।” উচ্ছেদ কার্যক্রম সফল করতে তিনি উপজেলা প্রশাসন, সড়ক ও জনপথ (সওজ) বিভাগ এবং পুলিশ প্রশাসনকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশ দেন।

পরিদর্শনকালে এমপির সঙ্গে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আল জিনাত, সওজের নির্বাহী প্রকৌশলী আব্দুর রহিম, সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিবুল্লাহ, মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আতাউর রহমানসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

মানবকণ্ঠ/ডিআর