বাউফলে ছাত্রলীগ নেতা হত্যা মামলার পলাতক আসামি ৮ বছর পর গ্রেপ্তার
পটুয়াখালীর বাউফলে আলোচিত ছাত্রলীগ নেতা মামুন গাজী হত্যা মামলার দীর্ঘদিনের পলাতক আসামি সিফাত মল্লিককে (২৭) গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৫ মার্চ) তাকে গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তারকৃত সিফাত মল্লিক উপজেলার কারখানা গ্রামের বশির উদ্দিন ওরফে সুজন মল্লিকের ছেলে। তিনি নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের একটি ওয়ার্ড কমিটির সাধারণ সম্পাদক ছিলেন। ২০১৮ সালে সংঘটিত ওই হত্যাকাণ্ডের পর থেকে দীর্ঘ আট বছর ধরে তিনি আত্মগোপনে ছিলেন।
পুলিশ সূত্রে জানা যায়, বাউফল থানার ২০১৮ সালের একটি হত্যা মামলার (জিআর ৩৫০/১৮) এজাহারভুক্ত আসামি সিফাত। মামলার তদন্ত শেষে পুলিশ অভিযোগপত্র দাখিল করলে আদালত তাকে কয়েক দফা আত্মসমর্পণের নির্দেশ দেন। তবে তিনি পলাতক থাকায় ২০২৪ সালে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। বৃহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
মামলার বিবরণে জানা যায়, ২০১৮ সালে দলীয় কর্মসূচিতে অংশ নিতে যাওয়ার পথে অভ্যন্তরীণ বিরোধের জেরে নিজ দলের প্রতিপক্ষের হামলায় ছাত্রলীগ নেতা মামুন গাজীকে প্রকাশ্যে রাস্তায় পিটিয়ে হত্যা করা হয়। ওই ঘটনায় নিহতের পরিবার বাউফল থানায় একটি হত্যা মামলা দায়ের করেছিল।
বাউফল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আতিকুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত আসামিকে যথাযথ আইনি প্রক্রিয়ায় আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
মানবকণ্ঠ/ডিআর




Comments