সুনামগঞ্জের ছাতকে সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন নারায়ণ মালাকার সুমন নামে এক হিন্দু যুবক। পবিত্র মাহে রমজান উপলক্ষে এতিম শিক্ষার্থীদের জন্য ইফতার মাহফিলের আয়োজন করে মানবিকতার উজ্জ্বল নজির গড়েছেন তিনি।
বৃহস্পতিবার (৫ মার্চ/১৫ রমজান) উপজেলার উত্তর খুরমা ইউনিয়নের আলুপুরস্থ লতিফিয়া আরব আলী এতিমখানা হাফিজিয়া মাদ্রাসার শিক্ষার্থীদের সম্মানে এই ইফতারের আয়োজন করা হয়। নারায়ণ মালাকার সুমন সিলেটের বিশ্বনাথ উপজেলার লামাকাজী ইউনিয়নের দীঘলি খোজারপাড়া গ্রামের মৃত নিবারণ মালাকারের ছেলে এবং স্থানীয় ‘ভাইভাই এন্ড স্টার হেয়ার কাট’-এর স্বত্বাধিকারী।
উদ্যোগ সম্পর্কে সুমন মালাকার বলেন, “আমরা যে ধর্মেরই হই না কেন, দিনশেষে আমরা সবাই মানুষ। সব ধর্মেই আর্তমানবতার সেবা করাকে বড় পূণ্য বা ইবাদত বলা হয়েছে। এতিম শিশুদের মুখে হাসি ফোটানোর জন্য সামর্থ্য অনুযায়ী ক্ষুদ্র এই আয়োজন করেছি।”
আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লামাকাজী ইউনিয়নের চেয়ারম্যান ও বিশিষ্ট সমাজসেবক কবির হোসেন ধলা মিয়া। তিনি সুমনের এই উদ্যোগকে অসাম্প্রদায়িক চেতনার মাইলফলক হিসেবে উল্লেখ করে বলেন, “এই ধরনের মানবিক কাজ আমাদের সমাজে ধর্মীয় সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয়। সুমনের উদ্যোগ প্রশংসার দাবি রাখে।”
ইফতার মাহফিলে মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা হাফিজ গুফরান আহমদ, শিক্ষক হাফিজ আলী হোসেন, সাবেক ইউপি সদস্য মাহমদ আলীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মাদ্রাসার শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। ধর্ম-বর্ণ নির্বিশেষে এতিমদের পাশে দাঁড়ানোর এই মানবিক উদ্যোগটি স্থানীয়দের মধ্যে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।
মানবকণ্ঠ/ডিআর




Comments