ময়মনসিংহের ভালুকায় চাঞ্চল্যকর দীপু চন্দ্র দাস হত্যা মামলায় আরও দুই গুরুত্বপূর্ণ আসামিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। এ নিয়ে এই রোমহর্ষক হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে এখন পর্যন্ত মোট ২৫ জনকে গ্রেপ্তার করা হলো।
বৃহস্পতিবার (৫ মার্চ) জেলা পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। এর আগে বুধবার (৪ মার্চ) রাতে ভালুকার পৃথক দুটি এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- ভালুকার বাটাজোর ডাকুরিয়া এলাকার সিয়াম আহম্মেদ (১৯) এবং হবিরবাড়ী ইউনিয়নের আব্দুল্লাহ (২৮)।
ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. আব্দুল্লাহ আল মামুন জানান, ঘটনার সিসিটিভি ফুটেজ ও তথ্যপ্রযুক্তি বিশ্লেষণ করে গ্রেপ্তারকৃতদের শনাক্ত করা হয়েছে। প্রাথমিক তদন্তে উঠে এসেছে যে, আসামিরা ঘটনার সময় স্কয়ার মাস্টারবাড়ী মেইনরোডে দীপুর মরদেহ গাছে ঝুলানো অবস্থায় রশি টেনে স্লোগান দিচ্ছিলেন। তারা উপস্থিত জনতাকে উত্তেজিত করে লাশের ওপর বর্বরোচিত নির্যাতনে সরাসরি অংশ নেন এবং অন্যদেরও হামলায় উৎসাহিত করেন।
উল্লেখ্য, দীপু হত্যা মামলায় এ পর্যন্ত মোট ২৫ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে ১২ জন ইতোমধ্যে আদালতে নিজেদের অপরাধ স্বীকার করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। মামলার বাকি পলাতক আসামিদের ধরতে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) একাধিক টিম অভিযান অব্যাহত রেখেছে।
মানবকণ্ঠ/ডিআর




Comments