নড়াইলের কালিয়া উপজেলায় দ্রুতগতির একটি ট্রলির ধাক্কায় লিমন নামের ৩ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার (৮ মার্চ) সকাল ৯টার দিকে কালিয়া উপজেলার চাঁচুড়ি ইউনিয়নের কালডাঙ্গা গ্রামে এই দুর্ঘটনা ঘটে।
নিহত লিমন ওই গ্রামের কৃষক ইকরামুল ফকিরের ছেলে।
পারিবারিক সূত্রে জানা গেছে, সকালে লিমন বাড়ির সামনের রাস্তায় হাঁটাহাঁটি করছিল। এসময় একটি চলন্ত ট্রলি তাকে সজোরে ধাক্কা দিলে সে রাস্তায় ছিটকে পড়ে। এতে তার মাথা, নাক ও পা-সহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত লাগে। স্বজনরা তাকে দ্রুত উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে নড়াইল সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মো: সোহেল আলম হাসপাতালে যান। তিনি জানান, আইনি প্রক্রিয়া শেষে শিশুটির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এদিকে লিমনের অকাল মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ফুটফুটে এই শিশুটিকে হারিয়ে স্বজনদের কান্নায় হাসপাতালের পরিবেশ ভারী হয়ে ওঠে।
মানবকণ্ঠ/ডিআর




Comments