Image description

বকেয়া বেতন ও আসন্ন ঈদুল ফিতরের বোনাসের দাবিতে রাজপথে নেমেছেন বরিশাল সিটি কর্পোরেশনের দুই সহস্রাধিক পরিচ্ছন্নতা কর্মী। রোববার (৮ মার্চ) সকাল ১০টায় নগর ভবনের সামনে জড়ো হয়ে তারা এই বিক্ষোভ কর্মসূচি পালন করেন।

সিটি কর্পোরেশন ও শ্রমিক সূত্র জানায়, অন্তর্বর্তীকালীন সরকারের সময় শ্রম অধিদপ্তর ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের যৌথ সভার সিদ্ধান্ত অনুযায়ী, দৈনিক মজুরি ভিত্তিক শ্রমিকদের বেতন ১০ হাজার টাকা থেকে বাড়িয়ে ১৬ হাজার টাকা নির্ধারণ করে গেজেট প্রকাশ করা হয়। কিন্তু ওই গেজেটে উল্লেখ করা হয়, মজুরি ভিত্তিক শ্রমিকরা কোনো ধরনের উৎসব ভাতা পাবেন না। সরকারের এই সিদ্ধান্তে শ্রমিকদের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।

বিক্ষুব্ধ শ্রমিকরা জানান, ফেব্রুয়ারি মাসের বকেয়া বেতন এবং আসন্ন ঈদুল ফিতরের বোনাস না পাওয়ায় তারা পরিবার নিয়ে মানবেতর জীবনযাপন করছেন। পরিচ্ছন্নতা কর্মী রহিম মিয়া ক্ষোভ প্রকাশ করে বলেন, "বেতন বাড়লেও যদি ঈদের সময় বোনাস না পাই, তবে আমাদের উৎসবের আনন্দ মাটি হয়ে যাবে। এটা আমাদের সাথে চরম অন্যায়।"

আরেক কর্মী আলেয়া বেগম বলেন, "স্বল্প বেতনে সংসার চালানোই এখন কঠিন। তার ওপর উৎসব ভাতা না থাকলে আমাদের সন্তানদের নিয়ে ঈদ করা অসম্ভব হয়ে পড়বে।"

শ্রমিক নেতা সাইদুল জানান, দাবি আদায়ের লক্ষ্যে তারা সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে গিয়েছিলেন। তিনি বিষয়টি সমাধানের জন্য দুই দিনের সময় চেয়েছেন। তবে দাবি পূরণ না হওয়া পর্যন্ত শ্রমিকদের মধ্যে সংশয় ও অসন্তোষ কাটছে না।

এ বিষয়ে বক্তব্য জানতে বরিশাল সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল বারীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। দাবি আদায় না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন পরিচ্ছন্নতা কর্মীরা।

মানবকণ্ঠ/ডিআর