Image description

কুষ্টিয়ার খোকসা উপজেলায় গড়াই নদীতে গোসলে নেমে নিখোঁজ দুই শিশুর মধ্যে তাইবা (৭) নামে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজের প্রায় ১৯ ঘণ্টা পর রোববার (৮ মার্চ) সকাল ৯টার দিকে উপজেলার ওসমানপুর খেয়াঘাট এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। তবে সুরাইয়া (৮) নামে অপর শিশুটি এখনও নিখোঁজ রয়েছে।

নিহত তাইবা ওসমানপুর এলাকার ফারুকের মেয়ে। নিখোঁজ সুরাইয়া একই এলাকার বাসিন্দা। তারা দুজনই স্থানীয় ওসমানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত শনিবার দুপুরে ওসমানপুর খেয়াঘাট এলাকায় চার শিশু মিলে গড়াই নদীতে গোসলে নামে। তারা সাঁতার কেটে মাঝনদীতে জেগে ওঠা চরের দিকে যাওয়ার চেষ্টা করলে তীব্র স্রোতের কবলে পড়ে তলিয়ে যেতে থাকে। এসময় ঘাটে থাকা নৌকার মাঝিরা তাৎক্ষণিকভাবে সামিয়া ও সুমাইয়া নামে দুই শিশুকে জীবিত উদ্ধার করতে পারলেও তাইবা ও সুরাইয়া নিখোঁজ হয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করে। দীর্ঘ ১৯ ঘণ্টা পর আজ সকালে তাইবার মরদেহ উদ্ধার করা হয়। এদিকে এই ঘটনার পর থেকে দুই পরিবারের স্বজনদের মধ্যে চলছে শোকের মাতম। সন্তান হারিয়ে বার বার মূর্ছা যাচ্ছেন বাবা-মা।

খোকসা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ইউনিট কর্মকর্তা রওশন আলী জানান, নিখোঁজ দুই শিশুর মধ্যে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। অপর শিশু সুরাইয়াকে উদ্ধারে ডুবুরি দল ও স্থানীয় জেলেরা নদীর বিভিন্ন পয়েন্টে নিবিড়ভাবে তল্লাশি চালিয়ে যাচ্ছেন। উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

মানবকণ্ঠ/ডিআর