Image description

দেশ গঠনের নিরন্তর সংগ্রামকে ‘যুদ্ধ’ হিসেবে আখ্যায়িত করে সপ্তাহের প্রথম কর্মদিবসের সূচনা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 

রোববার (৮ মার্চ) সকালে রাজধানীর গুলশানের বাসভবন থেকে বের হওয়ার সময় উপস্থিত সবার উদ্দেশ্যে হাস্যোজ্জ্বল মুখে তিনি বলেন, ‘চলেন যুদ্ধে যাই।’

প্রধানমন্ত্রীর এই ব্যতিক্রমী ও তাৎপর্যপূর্ণ মুহূর্তের বর্ণনা দিয়ে তার অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, সকাল ৮টা ৪২ মিনিটে প্রধানমন্ত্রী যখন সচিবালয়ের উদ্দেশ্যে রওনা হচ্ছিলেন, তখন তার মুখে এই তিন শব্দের আহ্বান শুনে উপস্থিত ব্যক্তিগত কর্মকর্তা ও নিরাপত্তাকর্মীরা প্রথমে কিছুটা চমকে যান। তবে পরক্ষণেই তারা বুঝতে পারেন, দেশ পরিচালনার কঠিন দায়িত্ব এবং জনগণের সেবায় প্রতিদিনের সংগ্রামকেই তিনি যুদ্ধের সঙ্গে তুলনা করেছেন।

অতিরিক্ত প্রেস সচিব আরও জানান, চিরাচরিত হাস্যোজ্জ্বল মুখে এই মন্তব্য করার পর প্রধানমন্ত্রী তার গন্তব্যে রওনা হন এবং সকাল সাড়ে ৯টার দিকে সচিবালয়ে প্রবেশ করেন।

প্রধানমন্ত্রীর আজকের কার্যসূচি বেশ ব্যস্ততায় ঠাসা। সচিবালয় সূত্রে জানা গেছে, আজ তিনি শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন এবং শিক্ষা উপদেষ্টা মাহদী আমিনের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করবেন। এরপর বাংলাদেশ বিনিয়োগ বোর্ডের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরীর সঙ্গেও তার আলোচনার কথা রয়েছে। এছাড়া দিনভর আরও বেশ কয়েকটি দাপ্তরিক বৈঠক ও ফাইলে সই করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

জনসাধারণের প্রত্যাশা পূরণ ও রাষ্ট্র সংস্কারের এই অগ্রযাত্রাকে প্রধানমন্ত্রী যেভাবে ‘যুদ্ধ’ হিসেবে অভিহিত করেছেন, তা সরকারি কর্মকর্তাদের মাঝে নতুন করে উদ্দীপনা তৈরি করেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

মানবকণ্ঠ/ডিআর