গাজীপুরের কালিয়াকৈরে দ্রুতগতির অটোরিকশার চাপায় সুমনা আক্তার (৬) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (৫ এপ্রিল) সকালে উপজেলার বাড়ইপাড়া-জালশুকা আঞ্চলিক সড়কের বড়ইছুটি ফার্ম এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত সুমনা আক্তার গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার নাকাইহাট এলাকার সাইফুল ইসলামের মেয়ে। সাইফুল ইসলাম জীবিকার তাগিদে বড়ইছুটি এলাকায় একটি ভাড়া বাসায় থেকে স্থানীয় কারখানায় চাকরি করতেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকালে শিশু সুমনা সড়কের পাশ দিয়ে হাঁটছিল। এসময় একটি দ্রুতগতির অটোরিকশা তাকে চাপা দিলে সে গুরুতর আহত হয় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর স্থানীয় জনতা অটোরিকশা ও এর চালককে আটক করে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
কালিয়াকৈর থানার উপ-পরিদর্শক (এসআই) রেজাউল করিম জানান, মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। চালককে আটক করা হয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
মানবকণ্ঠ/ডিআর




Comments