ঘন কুয়াশার কবলে পড়ে রাজশাহীর বাঘায় প্রাণ হারালেন ৩ জন। সোমবার (৯ মার্চ) সকাল ৭টার দিকে বাঘা-লালপুর সড়কের চন্ডিপুর এলাকায় একটি সিএনজিচালিত অটোরিকশা ও ইঞ্জিনচালিত ভটভটির মুখোমুখি সংঘর্ষে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই দুইজন এবং হাসপাতালে নেওয়ার পথে আরও একজন মারা যান।
নিহতরা হলেন নাটোর জেলার লালপুর উপজেলার নওপাড়া গ্রামের সিএনজি চালক শরিফুল ইসলাম (৪৫), একই উপজেলার বধুপাড়া গ্রামের বিধান দাস (৫৫) এবং আন্দী গ্রামের নব্বই বছর বয়সী বৃদ্ধা রকেনা বেগম।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকালে লালপুর থেকে পাঁচজন যাত্রী নিয়ে একটি অটোরিকশা বাঘার দিকে আসছিল। চন্ডিপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ভটভটির সঙ্গে এর জোরালো সংঘর্ষ হয়। স্থানীয়দের মতে, ঘন কুয়াশার কারণে সড়ক পরিষ্কার না দেখতে পাওয়ায় এই দুর্ঘটনা ঘটেছে।
দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন শাহাজান আলী (৩৫) ও সীমা বেগম (৫০) নামের আরও দুই যাত্রী। তাদের উদ্ধার করে প্রথমে বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়, তবে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
বাঘা থানার ওসি সেরাজুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ খবর পেয়ে দ্রুত ঘটনাস্থল থেকে মরদেহগুলো উদ্ধার করে থানায় নিয়ে আসে। দুর্ঘটনাকবলিত যান দুটি জব্দ করা হয়েছে এবং এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
মানবকণ্ঠ/আরআই




Comments