Image description

দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতনের খবর জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সবথেকে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের স্বর্ণের দাম ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা কমানো হয়েছে। নতুন দর অনুযায়ী, প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়িয়েছে ২ লাখ ৬৪ হাজার ৯৪৮ টাকা।

সোমবার (৯ মার্চ) সকাল ১০টা থেকে এই নতুন দাম কার্যকর হবে বলে বাজুস সূত্রে নিশ্চিত করা হয়েছে। স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের (পাকা সোনা) দাম হ্রাস পাওয়ার প্রেক্ষাপটে এই সিদ্ধান্ত নিয়েছে সংগঠনটি।

বুধবার বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির এক বৈঠকে দাম কমানোর এই সিদ্ধান্ত গৃহীত হয়। কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সার্বিক বাজার পরিস্থিতি বিবেচনা করে স্বর্ণের এই নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

স্বর্ণের নতুন বাজারদর:

২২ ক্যারেট: ২ লাখ ৬৪ হাজার ৯৪৮ টাকা (ভরি)।

২১ ক্যারেট: ২ লাখ ৫২ হাজার ৮৭৬ টাকা (ভরি)।

১৮ ক্যারেট: ২ লাখ ১৬ হাজার ৭৭৫ টাকা (ভরি)।

সনাতন পদ্ধতি: ১ লাখ ৭৬ হাজার ৯৪৩ টাকা (ভরি)।

এর আগে গত ৪ মার্চ স্বর্ণের দাম বড় ব্যবধানে কমানো হয়েছিল, যেখানে ২২ ক্যারেটের দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ৬৮ হাজার ২১৪ টাকা। উল্লেখ্য, চলতি ২০২৬ বছরে এখন পর্যন্ত মোট ৩৮ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে, যার মধ্যে দাম কমানো হয়েছে ১৪ বার।

স্বর্ণের পাশাপাশি রুপার দামও কিছুটা কমানো হয়েছে। ২২ ক্যারেট রুপার দাম ভরিতে ১৭৫ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ৬ হাজার ৩৫৭ টাকা। এছাড়া ২১ ক্যারেট রুপার দাম ৬ হাজার ৬৫ টাকা এবং ১৮ ক্যারেটের দাম ৫ হাজার ১৯০ টাকা নির্ধারণ করা হয়েছে।

চলতি বছরে এ নিয়ে মোট ২৩ বার রুপার দাম সমন্বয় করা হলো, যার মধ্যে ৯ বার দাম কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মানবকণ্ঠ/আরআই