Image description

মেহেরপুরে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আব্দুল মান্নাফ (৫৫) নামের একজন নিহত হয়েছে। এসময় ১ শিশু ও নারীসহ ৪ জন আহত হয়েছেন।

সোমবার (৯ মার্চ) সকাল সাড়ে ১০ টার দিকে মেহেরপুর-কাথুলি সড়কের ফতেপুর ইটভাটার কাছে এই দুর্ঘটনা ঘটে। মেহেরপুর সদর থানার ওসি হুমাউন কবীর এ তথ্য নিশ্চিত করেছেন।  

আহতরা হলেন, মেহেরপুর সদর উপজেলার কামদেবপুর গ্রামের আব্দুল মান্নাফের মেয়ে তাসলিমা খাতুন, নাতনি খাদিজা খাতুন (৩) ও তিন মাস বয়সি চাঁদনী খাতুন।
আহতদের উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানান, আব্দুল মান্নাফ তার মেয়ে ও নাতিদের নিয়ে মোটরসাইকেলযোগে কামদেবপুর থেকে শোলমারীর দিকে যাচ্ছিলেন। ফতেহপুর ইটভাটার কাছে পৌছানো মাত্র বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি আরওয়ান-৫ মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নিহত হন আব্দুল মান্নাফ। তবে আরওয়ান-৫ মোটরসাইকেলের মালিকের পরিচয় সনাক্ত করা যায়নি। মোটরসাইকেল দুটি ঘটনাস্থলে দুমড়ে মুচড়ে গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার সময় পাশাপাশি যাওয়ার কারনে মোটরসাইকেল দুটি সাইট দিতে পারেনি।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, নিহতের মরদেহ উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে নেয়া হয়েছে।

আহতরা বর্তমানে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এদের মধ্যে তাসলিমা খাতুন ও তার দুই মেয়ের অবস্থাও আশঙ্কা জনক।