Image description

নারায়ণগঞ্জ শহরে দায়িত্বরত অবস্থায় ছিনতাইকারীর কবলে পড়েছেন পুলিশের একজন সহকারী উপপরিদর্শক (এএসআই)। ছিনতাইকারীরা ওই পুলিশ সদস্যের সঙ্গে থাকা সরকারি পিস্তলটি লুট করে নিয়ে গেছে। 

সোমবার (৯ মার্চ) সকাল পৌনে ৬টার দিকে নগরীর বঙ্গবন্ধু সড়কের বাণিজ্যিক এলাকা খ্যাত নিতাইগঞ্জ সংলগ্ন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) নগর ভবনের সামনে এ ঘটনা ঘটে।

অতিরিক্ত পুলিশ সুপার তাসমিন আক্তার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নারায়ণগঞ্জ সদর মডেল থানায় কর্মরত এএসআই লুৎফর রহমান ডিউটিতে থাকাকালীন এই নজিরবিহীন ঘটনার শিকার হন।

পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার সময় এএসআই লুৎফর রহমান ইউনিফর্ম পরিহিত অবস্থায় অন-ডিউটিতে ছিলেন। দায়িত্ব পালনের একপর্যায়ে তিনি টয়লেট ব্যবহারের উদ্দেশ্যে তার টিমের অন্য সদস্যদের থেকে কিছুটা বিচ্ছিন্ন হয়ে পড়েন। তিনি নিজের মোটরসাইকেল নিয়ে নগর ভবনের সামনে পৌঁছালে তিনজনের একটি ছিনতাইকারী চক্র তার পথরোধ করে। মুহূর্তের মধ্যে তারা তাকে ভয় দেখিয়ে তার কাছে থাকা সরকারি পিস্তলটি ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায়।

স্থানীয় বাসিন্দারা জানান, নিতাইগঞ্জের এই এলাকাটিতে নগর ভবন ও দুটি সরকারি হাসপাতাল থাকলেও এটি অত্যন্ত ছিনতাইপ্রবণ এলাকা হিসেবে পরিচিত। ভোরে বা রাতে প্রায়ই এখানে সাধারণ পথচারীরা ছিনতাইয়ের শিকার হন। তবে পুলিশের পোশাক পরিহিত অবস্থায় খোদ পুলিশ সদস্যের অস্ত্র লুটের ঘটনায় শহরজুড়ে তীব্র চাঞ্চল্য ও আতঙ্কের সৃষ্টি হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার তাসমিন আক্তার আরও বলেন, “ছিনতাই ও সরকারি অস্ত্র লুটের ঘটনায় জড়িতদের চিহ্নিত করতে পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণসহ সম্ভাব্য সব উপায়ে অপরাধীদের আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রয়েছে। আশা করছি দ্রুততম সময়ের মধ্যে তাদের আটক করা সম্ভব হবে।”

এ ঘটনায় নারায়ণগঞ্জ সদর মডেল থানায় একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

মানবকণ্ঠ/ডিআর