বরগুনার পাথরঘাটায় দিনে-দুপুরে এক বৃদ্ধা ভিক্ষুকের ওপর অমানবিক হামলার ঘটনা ঘটেছে। ছিনতাইকারীরা ওই বৃদ্ধার নাকের নোলক ও কানের দুল ছিনিয়ে নেওয়ার সময় তার কান ছিঁড়ে রক্তাক্ত জখম করেছে। সোমবার (৯ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে পাথরঘাটা কেএম সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে।
আক্রান্ত ওই বৃদ্ধার নাম রাবেয়া (৬০)। তিনি উপজেলার পাথরঘাটা সদর ইউনিয়নের টাকারখাল গুচ্ছগ্রামের বাসিন্দা। স্বামীহীন রাবেয়া শহরে ভিক্ষা করে জীবিকা নির্বাহ করেন।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো সোমবার সকালে রাবেয়া শহরে ভিক্ষা করছিলেন। বেলা সাড়ে ১১টার দিকে কেএম স্কুল মাঠে একা পেয়ে অজ্ঞাত এক ছিনতাইকারী তার ওপর হামলা চালায়। ছিনতাইকারী তার নাক থেকে নোলক এবং কান থেকে দুল টেনে ছিঁড়ে নেয়। এতে বৃদ্ধার কান ছিঁড়ে প্রচুর রক্তপাত হয়।
পরবর্তীতে ওই বৃদ্ধা রক্তাক্ত অবস্থায় পাথরঘাটা প্রেসক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক আমিন সোহেলের কাছে গিয়ে বিষয়টি জানান। সাংবাদিক আমিন সোহেল তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার জন্য পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান এবং বিষয়টি পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) অবহিত করেন।
একজন অসহায় ভিক্ষুকের ওপর এমন নিষ্ঠুর ও অমানবিক হামলার ঘটনায় স্থানীয় সচেতন মহলে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা দ্রুত এই ছিনতাইকারীকে শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
এদিকে এ বিষয়ে পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাংচেনলা বলেন, "সাংবাদিকদের মাধ্যমে ঘটনাটি শুনেছি। তবে এখন পর্যন্ত ঘটনাস্থলে বা হাসপাতালে পুলিশের কোনো টিম পাঠানো হয়নি। ভুক্তভোগী ওই নারীকে অভিযোগ দেওয়ার জন্য থানায় আসতে বলা হয়েছে।"
মানবকণ্ঠ/ডিআর




Comments