ইরান যুদ্ধ এবং মধ্যপ্রাচ্যের চলমান সংকটের ফলে উদ্ভূত বিশ্ব অর্থনৈতিক অস্থিরতা মোকাবিলায় অগ্রিম সতর্কতা অবলম্বন করছে বাংলাদেশ সরকার। দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে এবং সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় ৭ সদস্যবিশিষ্ট একটি উচ্চপর্যায়ের মন্ত্রিসভা কমিটি গঠন করা হয়েছে।
সোমবার (৯ মার্চ) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
অর্থমন্ত্রীকে সভাপতি করে গঠিত এই শক্তিশালী কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন:
১. স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী।
২. স্বরাষ্ট্রমন্ত্রী।
৩. বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী।
৪. বাণিজ্যমন্ত্রী।
৫. প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী।
৬. খাদ্যমন্ত্রী।
প্রজ্ঞাপন অনুযায়ী, এই কমিটির প্রধান কাজ হবে বিশ্বের বিভিন্ন দেশে চলমান যুদ্ধ পরিস্থিতি গভীরভাবে বিশ্লেষণ করা এবং বাংলাদেশের ওপর এর সম্ভাব্য প্রভাব নিরূপণ করা। এছাড়া দেশের অর্থনীতির চাকা সচল রাখতে এবং যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় 'সংকট ব্যবস্থাপনা পরিকল্পনা' প্রণয়ন করবে এই কমিটি।
প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়েছে, কমিটি চাইলে প্রয়োজনে যেকোনো নতুন সদস্যকে অন্তর্ভুক্ত (কো-অপ্ট) করতে পারবে। কমিটির সাচিবিক সহায়তায় থাকবে অর্থ বিভাগ এবং পরিস্থিতি অনুযায়ী যেকোনো সময় কমিটির সভা অনুষ্ঠিত হবে।
অর্থনৈতিক বিশেষজ্ঞরা সরকারের এই পদক্ষেপকে সময়োপযোগী বলে মনে করছেন, কারণ মধ্যপ্রাচ্যের উত্তাপ সরাসরি জ্বালানি তেল, রেমিট্যান্স এবং আমদানি-রপ্তানি বাণিজ্যের ওপর প্রভাব ফেলতে পারে।
মানবকণ্ঠ/আরআই




Comments