বরিশাল নগরীর সিএন্ডবি রোডে ঘাতক কাভার্ড ভ্যানের চাপায় পিষ্ট হয়ে এক রিকশা আরোহী নারী (৪০) নিহত হয়েছেন। এ ঘটনায় রিকশাচালক গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। মঙ্গলবার (১০ মার্চ) সকালে নগরীর সিএন্ডবি রোড এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, সকালে একটি রিকশা সিএন্ডবি রোড অতিক্রম করার সময় দ্রুতগামী একটি কাভার্ড ভ্যান সেটিকে চাপা দিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় অজ্ঞাতনামা ওই নারীকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। নিহত নারীর পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি।
দুর্ঘটনায় রিকশাচালক আউয়াল (৩০) গুরুতর আহত হয়েছেন। তিনি ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। চিকিৎসকরা জানিয়েছেন, দুর্ঘটনায় তাঁর হাত ভেঙে গেছে। বর্তমানে তিনি হাসপাতালের অর্থোপেডিক্স ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।
বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন উল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘাতক কাভার্ড ভ্যানটি শনাক্তের চেষ্টা চলছে। পাশাপাশি নিহত নারীর পরিচয় নিশ্চিত করতে আশপাশের থানাগুলোতে বার্তা পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের ব্যবস্থা নেওয়া হবে।
মানবকণ্ঠ/ডিআর




Comments