Image description

ঢাকার ধামরাইয়ে গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণে এক দম্পতি দগ্ধ হয়েছে। তাদের উদ্ধার করে প্রথমে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে প্রাথমিক চিকিৎসা শেষে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়। 

মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে ধামরাই পৌর এলাকার কিষাণ নগর মহল্লায় এই ঘটনা ঘটে।

ধামরাই ফায়ার সার্ভিস জানায়, ধামরাই পৌর এলাকার কিষাণ নগরের বাদশা মিয়ার দোতলা বাড়ির নিচতলার রান্না ঘরে গ্যাসের লিকেজ থেকে রান্না ঘরে গ্যাস জমে থাকায় চুলা জ্বালানো সময় বিস্ফোরণ ঘটে। এতে দগ্ধ হন বাদশা মিয়া ও তাঁর স্ত্রী সুমনা বেগম। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়। 

ধামরাই ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আল আমিন খান জানান, দগ্ধদের মধ্যে গৃহবধূ সুমনা বেগমের শরীরের প্রায় ১০০ শতাংশ পুড়ে গেছে।

ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা আরও জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে গিয়ে রান্না ঘরের ভেতরের এবং বাহিরের গ্যাসের রাইজারের লিকেজ বন্ধ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন।