মধ্যপ্রাচ্যের রণক্ষেত্রে উত্তেজনার পারদ আরও চড়ল। এবার হরমুজ প্রণালীর কাছে একটি বাণিজ্যিক কন্টেইনার জাহাজে শক্তিশালী ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটেছে। যুক্তরাজ্যের সামুদ্রিক পর্যবেক্ষণ সংস্থা ইউকে মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও)-এর বরাতে এ তথ্য নিশ্চিত করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
ইউকেএমটিও জানায়, সংযুক্ত আরব আমিরাতের উপকূল থেকে প্রায় ৪৬ কিলোমিটার (২৫ নটিক্যাল মাইল) দূরে জাহাজটি বড় ধরনের আক্রমণের শিকার হয়। মধ্যপ্রাচ্যের অন্যতম গুরুত্বপূর্ণ এই জলপথে বাণিজ্যিক জাহাজ লক্ষ্য করে এমন হামলায় বিশ্বজুড়ে নৌ-নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।
হামলার পর জাহাজটির মাস্টারের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়েছে। তিনি জানিয়েছেন, ক্ষেপণাস্ত্রের আঘাতে জাহাজটি ক্ষতিগ্রস্ত হলেও সৌভাগ্যবশত কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। জাহাজে থাকা সব নাবিক নিরাপদ ও অক্ষত আছেন এবং তাদের সবার খোঁজ পাওয়া গেছে।
হামলায় ঠিক কতটা ক্ষয়ক্ষতি হয়েছে, তা এখনও স্পষ্ট নয়। ব্রিটিশ কর্তৃপক্ষ ইতিমধ্যে এই হামলার কারণ ও উৎস খুঁজে বের করতে তদন্ত শুরু করেছে। এদিকে উদ্ভূত পরিস্থিতিতে ইউকেএমটিও ওই অঞ্চল দিয়ে চলাচলকারী সব বাণিজ্যিক ও পণ্যবাহী জাহাজকে সর্বোচ্চ সতর্ক থাকার পরামর্শ দিয়েছে।
মধ্যপ্রাচ্যে ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান ছায়া যুদ্ধের প্রভাবে এই হামলা হয়ে থাকতে পারে বলে ধারণা করছেন আন্তর্জাতিক সামরিক বিশ্লেষকরা। এই ঘটনার পর গুরুত্বপূর্ণ এই সমুদ্রপথে জাহাজ চলাচলের ঝুঁকি কয়েক গুণ বেড়ে গেল।
মানবকণ্ঠ/আরআই




Comments