Image description

কুষ্টিয়া সদর উপজেলার বটতৈল এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই উৎপাদন ও মোড়কজাতকরণে অনিয়মের অভিযোগে দুটি কারখানাকে ৩৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। 

বুধবার (১১ মার্চ) সকালে কুষ্টিয়া জেলা কার্যালয়ের পক্ষ থেকে এই তদারকিমূলক অভিযান পরিচালনা করা হয়। 

অভিযান সূত্রে জানা গেছে, বটতৈল এলাকায় সেমাই কারখানাগুলোতে তদারকি করার সময় দেখা যায় প্রতিষ্ঠানগুলো অত্যন্ত অস্বাস্থ্যকর ও অনিরাপদ পরিবেশে সেমাই উৎপাদন করছে। এছাড়া উৎপাদিত সেমাইয়ের মোড়কে সর্বোচ্চ খুচরা বিক্রয় মূল্য উল্লেখ করা ছিল না। এসব অপরাধে গড়াই অটো ফ্লাওয়ার মিলকে ২০ হাজার টাকা এবং ইফাত অটো ফ্লাওয়ার মিলকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযুক্ত প্রতিষ্ঠান দুটি থেকে তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ আদায় করা হয়েছে। 

অভিযানের নেতৃত্বদানকারী কুষ্টিয়া জেলা জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ মাসুম আলী জানান, "ভোক্তা অধিকার নিশ্চিতে এবং রমজান ও আসন্ন ঈদকে সামনে রেখে মানসম্মত খাদ্যপণ্য সরবরাহ নিশ্চিত করতে আমাদের এই অভিযান। জনস্বার্থে এ ধরনের কার্যক্রম জেলাজুড়ে অব্যাহত থাকবে।"

অভিযানে কুষ্টিয়া জেলা স্যানিটারি ইন্সপেক্টর ও দায়িত্বপ্রাপ্ত জেলা নিরাপদ খাদ্য পরিদর্শক সহায়তা প্রদান করেন। এছাড়া নিরাপত্তা বিধানে কুষ্টিয়া জেলা পুলিশের একটি চৌকস টিম এবং কুষ্টিয়া র‍্যাব ক্যাম্পের একটি টহল দল সক্রিয়ভাবে অংশগ্রহণ করে।