Image description

আজ বসছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। বৃহস্পতিবার (১২ মার্চ)  বেলা ১১টায় জাতীয় সংসদ ভবনে রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন ভাষণ দেবেন। এই অধিবেশন উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, সংসদ সদস্য, বিদেশি কূটনীতিক এবং গণ্যমান্য ব্যক্তিবর্গের গমনাগমন নির্বিঘ্ন করতে রাজধানীর শেরেবাংলা নগর ও আশপাশের এলাকায় বিশেষ ট্রাফিক নির্দেশনা জারি করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সংসদ ভবন ও এর আশপাশের এলাকায় স্বাভাবিকের চেয়ে আজ যানবাহনের চাপ অনেক বেশি থাকবে। ফলে যানজট এড়াতে এবং জনসাধারণের সাময়িক অসুবিধা লাঘবে ট্রাফিক বিভাগ ডাইভারশনের মাধ্যমে যান চলাচল নিয়ন্ত্রণ করবে।

ডিএমপির নির্দেশনা অনুযায়ী যেসব রুট ও বিকল্প সড়ক ব্যবহার করবেন:

১. ইন্দিরা রোড থেকে বেগম রোকেয়া সরণি: যারা ইন্দিরা রোড থেকে উড়োজাহাজ মোড় হয়ে বেগম রোকেয়া সরণির দিকে যেতে চান, তারা ডানে মোড় নিতে পারবেন না। বিকল্প হিসেবে তাদের সোজা মানিক মিয়া এভিনিউ হয়ে মিরপুর রোড দিয়ে গন্তব্যে পৌঁছাতে হবে।

২. মানিক মিয়া এভিনিউ থেকে বেগম রোকেয়া সরণি: মানিক মিয়া এভিনিউ থেকে খেজুর বাগান হয়ে যারা বেগম রোকেয়া সরণিগামী হবেন, তারা বামে মোড় নিতে পারবেন না। এসব যানবাহনকে ফার্মগেট হয়ে যাতায়াত করার পরামর্শ দেওয়া হয়েছে।

৩. একমুখী চলাচল: উড়োজাহাজ মোড় থেকে খেজুর বাগান পর্যন্ত সড়কের উভয় পাশে কেবল দক্ষিণমুখী একমুখী যান চলাচল কার্যকর থাকবে।

ডিএমপি জানিয়েছে, আজ সকাল ৮টা থেকে বেলা ১১টা পর্যন্ত এই বিশেষ ডাইভারশন ও ট্রাফিক ব্যবস্থা কার্যকর থাকবে। বিশেষ করে উড়োজাহাজ মোড়, খেজুর বাগান, মানিক মিয়া এভিনিউ, আসাদগেট এবং জুলাই স্মৃতি জাদুঘর (গণভবন) ক্রসিং এলাকায় বাড়তি নজরদারি থাকবে।

সংশ্লিষ্ট এলাকা দিয়ে চলাচলকারী যানবাহনের চালক ও যাত্রীদের নির্ধারিত সময়সূচি এবং নির্দেশনা অনুসরণের জন্য বিশেষভাবে অনুরোধ করেছে ট্রাফিক বিভাগ। এই গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় অনুষ্ঠান সফল করতে ডিএমপি নগরবাসীর সর্বাত্মক সহযোগিতা কামনা করেছে।

মানবকণ্ঠ/আরআই