ইরান-ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যকার রক্তক্ষয়ী যুদ্ধ আজ ১৩তম দিনে গড়িয়েছে। পাল্টাপাল্টি হামলার তীব্রতায় মধ্যপ্রাচ্য এখন মৃত্যুপুরী। এর মধ্যেই এক চাঞ্চল্যকর দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, ইরান বর্তমানে পুরোপুরি ধ্বংস হয়ে যাওয়ার পথে এবং দেশটি এখন কার্যত খাদের কিনারায় দাঁড়িয়ে আছে।
বৃহস্পতিবার (১২ মার্চ) মেরিল্যান্ডে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প এই বিস্ফোরক মন্তব্য করেন। তার দাবি অনুযায়ী, গত ১৩ দিনের অব্যাহত হামলায় ইরানের সামরিক ও প্রশাসনিক কাঠামো পুরোপুরি ভেঙে পড়েছে।
ডোনাল্ড ট্রাম্প বলেন, “যুদ্ধক্ষেত্রে আমাদের জন্য অনেক ভালো খবর আছে। স্পষ্ট করে বললে, ইরান পুরোপুরি ধ্বংস হয়ে যাচ্ছে। দেশটি এখন নিশ্চিহ্ন হওয়ার পথে। তবে এর মানে এই নয় যে আমরা এখনই যুদ্ধ থামিয়ে দিচ্ছি। তারা মূলত শেষ হয়ে গেছে।”
ইরানের প্রতিরক্ষা ব্যবস্থার কড়া সমালোচনা করে ট্রাম্প দাবি করেন, “ইরানের এখন আর কোনো নৌবাহিনী নেই, কোনো বিমানবাহিনী নেই। এমনকি তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বা অন্য কোনো আধুনিক অস্ত্রও অবশিষ্ট নেই। তাদের পুরো নিয়ন্ত্রণ ব্যবস্থা আমরা তছনছ করে দিয়েছি। এখন আমরা ইরানের আকাশ দিয়ে মুক্তভাবে বিচরণ করছি।”
ট্রাম্পের মতে, যুদ্ধের জয় ইতিমধ্যে নিশ্চিত হয়ে গেছে। এখন কেবল সময়ের অপেক্ষা। তিনি বলেন, “অধিকাংশ মানুষ মনে করছে আমরা ইতিমধ্যে জিতে গেছি। এখন প্রশ্ন হলো আমরা কখন থামব? আমরা নিশ্চিত করতে চাই যে, এই অপশক্তি যেন ভবিষ্যতে আর কখনো মাথাচাড়া দিয়ে উঠতে না পারে। সেজন্য চূড়ান্ত বিজয় না আসা পর্যন্ত অভিযান চলবে।”
তেহরানকে নতুন করে হুঁশিয়ারি দিয়ে মার্কিন প্রেসিডেন্ট বলেন, “আমরা চাইলে এক ঘণ্টার মধ্যে ইরানের পুরো বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ধুলোয় মিশিয়ে দিতে পারি। তেমনটা করলে ইরানের পক্ষে এই দেশ পুনরায় গড়ে তোলা প্রায় অসম্ভব হয়ে পড়বে।” তবে তিনি এও জানান যে, এখনই তেমন চরম কোনো পদক্ষেপ নিতে চাচ্ছেন না তারা।
এদিকে গত ১৩ দিনের যুদ্ধে ইরানে নিহতের সংখ্যা ১ হাজার ৭০০ ছাড়িয়েছে এবং আহতের সংখ্যা হাজারেরও বেশি। নজিরবিহীন এই ধ্বংসযজ্ঞের মাঝেও ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাক্রোঁ ইসরায়েল ও হিজবুল্লাহকে সংযত থাকার আহ্বান জানিয়েছেন। তবে ট্রাম্পের এই মারমুখী অবস্থান বিশ্বজুড়ে নতুন করে উদ্বেগের জন্ম দিয়েছে।
মানবকণ্ঠ/আরআই




Comments