বিয়ের ক্ষেত্রে যুবকদের এক ব্যতিক্রমী ও যুগোপযোগী পরামর্শ দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনায় এসেছেন কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এবং এনসিপির (দক্ষিণাঞ্চল) মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। সম্প্রতি নির্বাচনী প্রচারণার সময় দেওয়া তার একটি বক্তব্যের ভিডিও ফেসবুকে ভাইরাল হওয়ার পর নেটিজেনদের প্রশংসা কুড়াচ্ছেন তিনি।
ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যায়, হাসনাত আবদুল্লাহ তার নির্বাচনী এলাকার যুবকদের উদ্দেশে বিয়ের জীবনসঙ্গিনী নির্বাচনের বিষয়ে খোলামেলা কথা বলছেন। তিনি যুবকদের পরামর্শ দিয়ে বলেন, “বিয়ে করার সময় বাবা-মা হয়তো বলবে নিজের থেকে কম শিক্ষিত মেয়ে বিয়ে করার কথা; এই পরামর্শ জীবনেও শুনবি না। বিয়ে করবি নিজের থেকে বেশি শিক্ষিত মেয়েকে।”
নিজের এই পরামর্শের পেছনে যুক্তি তুলে ধরে হাসনাত আবদুল্লাহ বলেন, “কারণ, একজন স্ত্রী (ওয়াইফ) নিজেই একটি প্রতিষ্ঠান (ইন্সটিটিউশন)। বিয়ের পর তারা যদি কর্মসংস্থানে যোগ দেয়, তবে তা পরিবারের জন্য ভালো। আর যদি চাকরি না-ও করে, তবুও একজন শিক্ষিত মা তার সন্তানদের সুশিক্ষিত ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে পারেন।”
দেবিদ্বারের উন্নয়নে নিজের পরিকল্পনার কথা জানিয়ে হাসনাত আবদুল্লাহ আরও বলেন, এলাকার নারীদের কর্মসংস্থানের সুযোগ তৈরি করা আমাদের অন্যতম প্রধান লক্ষ্য। তিনি মনে করেন, সমাজকে এগিয়ে নিতে হলে নারীদের শিক্ষার পাশাপাশি তাদের সঠিক মূল্যায়ন করা জরুরি।
হাসনাত আবদুল্লাহর এই আধুনিক ও প্রগতিশীল চিন্তাধারা তরুণ প্রজন্মের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে। অনেকেই বলছেন, এমন গঠনমূলক দৃষ্টিভঙ্গি সামাজিক পরিবর্তন আনতে সহায়ক হবে।
মানবকণ্ঠ/আরআই




Comments