Image description

সৌদি আরবের দক্ষিণাঞ্চলের অত্যন্ত গুরুত্বপূর্ণ ‘শায়বাহ’ তেলক্ষেত্র লক্ষ্য করে পরিচালিত একটি বড় ধরনের ড্রোন হামলা নসাৎ করে দিয়েছে দেশটির প্রতিরক্ষা বাহিনী। বৃহস্পতিবার (১২ মার্চ) সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা এই তথ্য নিশ্চিত করেছে।

সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয়, দেশটির ‘এম্পটি কোয়ার্টার’ (রুব আল খালি) মরুভূমির আকাশে দুটি বিধ্বংসী ড্রোন উড়তে দেখা যায়। ড্রোনগুলো শায়বাহ তেলক্ষেত্র অভিমুখে এগোচ্ছিল। পরিস্থিতি বুঝতে পেরে তাৎক্ষণিকভাবে সৌদি আরবের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয় এবং ড্রোন দুটিকে লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগেই মাঝ আকাশে ধ্বংস করে দেওয়া হয়।

সৌদি কর্তৃপক্ষ দাবি করেছে, ওই দিন শায়বাহ তেলক্ষেত্রকে লক্ষ্য করে বেশ কয়েক দফায় হামলার চেষ্টা চালানো হয় এবং এটি ছিল সর্বশেষ ড্রোন হামলা। রাষ্ট্রীয় জ্বালানি কোম্পানি ‘সৌদি আরামকো’ পরিচালিত এই শায়বাহ তেলক্ষেত্রটি দেশটির অর্থনীতি ও বৈশ্বিক তেল সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আরামকোর তথ্য অনুযায়ী, এই তেলক্ষেত্র থেকে প্রতিদিন প্রায় ১০ লাখ ব্যারেল অপরিশোধিত তেল উৎপাদনের সক্ষমতা রয়েছে।

হামলার চেষ্টার পর ওই অঞ্চলজুড়ে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। সৌদি প্রতিরক্ষা কর্তৃপক্ষ জানিয়েছে, পুরো এলাকা বর্তমানে তাদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছে এবং যেকোনো ধরনের উস্কানি মোকাবিলায় তারা প্রস্তুত। তবে এই ড্রোনগুলো কারা পাঠিয়েছে, সে বিষয়ে সৌদির পক্ষ থেকে নির্দিষ্ট করে কারও নাম উল্লেখ করা হয়নি।

মধ্যপ্রাচ্যে ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনার মধ্যেই সৌদি আরবের তেলক্ষেত্রে হামলার এই চেষ্টা বিশ্বজুড়ে জ্বালানি তেলের বাজারে নতুন করে অস্থিরতা তৈরি করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

মানবকণ্ঠ/আরআই