Image description

মধ্যপ্রাচ্যে চলমান ভয়াবহ সংঘাতের মধ্যে এক চাঞ্চল্যকর দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, গত দুই সপ্তাহ ধরে চলা লড়াইয়ে মার্কিন বাহিনী ইরানের প্রায় ৯০ শতাংশ ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে সক্ষম হয়েছে। একই সঙ্গে তিনি সতর্ক করে দিয়েছেন যে, আগামী দিনগুলোতে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান আরও জোরদার করা হবে।

শুক্রবার (১৩ মার্চ) মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে ট্রাম্প এসব কথা বলেন। তিনি দাবি করেন, ইরান যুদ্ধে মার্কিন বাহিনী যে পরিমাণ সাফল্য অর্জন করেছে, তা অনেকের ধারণার বাইরে।

ট্রাম্পের দাবি অনুযায়ী, মার্কিন বাহিনী শুধু ইরানের ক্ষেপণাস্ত্রই ধ্বংস করেনি, বরং তাদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন তৈরির কারখানাগুলোকেও ধারাবাহিকভাবে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হচ্ছে। তিনি এই আক্রমণকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইরানের ওপর হওয়া সবচেয়ে বড় মাত্রার সামরিক হামলা হিসেবে অভিহিত করেন।

যুদ্ধ আর কতদিন চলতে পারে—এমন প্রশ্নের জবাবে ট্রাম্প সুনির্দিষ্ট কোনো সময়সীমা উল্লেখ না করলেও বলেন, "যুক্তরাষ্ট্রের কাছে পর্যাপ্ত সেনা, অত্যাধুনিক অস্ত্র ও প্রয়োজনীয় সব সামরিক সরঞ্জাম রয়েছে। আমাদের অভিযানে ইরানের শাসকগোষ্ঠী এতটাই ক্ষতিগ্রস্ত হয়েছে যে, সেই ক্ষতি কাটিয়ে উঠতে তাদের বহু বছর লেগে যেতে পারে।"

তিনি আরও আশঙ্কা প্রকাশ করেন যে, যুক্তরাষ্ট্রের অভিযান যদি এই গতিতে চলতে থাকে, তবে ইরানের পক্ষে ঘুরে দাঁড়ানো প্রায় অসম্ভব হয়ে পড়বে। ট্রাম্পের এমন কঠোর হুশিয়ারি ও দাবির পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে।

সূত্র: এএফপি ও ফক্স নিউজ।

মানবকণ্ঠ/ডিআর