Image description

ঝিনাইদহের কোটচাঁদপুরে ট্রেনের ধাক্কায় আলাউদ্দিন (৩৫) নামের এক স্যালোইঞ্জিনচালিত লাটাহাম্বা চালক নিহত হয়েছেন। এ ঘটনায় চালকের সহকারী (হেল্পার) গুরুতর আহত হয়েছেন। 

রোববার (১৫ মার্চ) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার বড়বামনদাহ ছোট রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আলাউদ্দিন কালীগঞ্জ উপজেলার ঈশ্বরবা গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, কালীগঞ্জ উপজেলার ‘এএমবিএম ব্রিক্স’ থেকে ইট নিয়ে কোটচাঁদপুরের বড়বামনদাহ গ্রামে গিয়েছিল গাড়িটি। ইট নামিয়ে ফেরার পথে বড়বামনদাহ ছোট রেলগেট অতিক্রম করার সময় ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী আন্তঃনগর ‘সাগরদাঁড়ি এক্সপ্রেস’ ট্রেনটি লাটাহাম্বা গাড়িটিকে সজোরে ধাক্কা দেয়। এতে গাড়িটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চালক আলাউদ্দিন প্রাণ হারান।

এ সময় গাড়িতে থাকা হেল্পার গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

মানবকণ্ঠ/ডিআর