Image description

নাটোরের লালপুরে চুরির ১৫ ঘণ্টা পর এক মাস বয়সী কন্যা শিশু নিঝুমকে জীবিত উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৫ মার্চ) সকালে উপজেলার লক্ষণবাড়িয়া এলাকার একটি রাস্তার পাশ থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। এর আগে শনিবার সন্ধ্যায় উপজেলার নবীনগর গ্রাম থেকে শিশুটি চুরির শিকার হয়েছিল।

লালপুর থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে ১৫ বছর বয়সী এক কিশোরী উপজেলার নবীনগর গ্রামের দিনমজুর জালাল উদ্দিনের বাড়িতে আসে। মেয়েটি নিজেকে অসহায় দাবি করে ওই বাড়িতে আশ্রয় প্রার্থনা করলে জালাল উদ্দিনের পরিবার মানবিক দিক বিবেচনা করে তাকে থাকতে দেন। কিন্তু ওই দিন সন্ধ্যার দিকে পরিবারের সবার অগোচরে কিশোরীটি এক মাস বয়সী শিশু নিঝুমকে নিয়ে পালিয়ে যায়। শিশুটিকে ঘরে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন এবং তাৎক্ষণিক পুলিশকে বিষয়টি জানান।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুজিবুর রহমান জানান, চুরির খবর পাওয়ার পর পুলিশ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট বসিয়ে তল্লাশি শুরু করে। পুলিশের ব্যাপক তৎপরতা দেখে চোরচক্র রোববার ভোরে লক্ষণবাড়িয়া এলাকায় রাস্তার পাশে শিশুটিকে ফেলে রেখে যায়। সকালে স্থানীয় এক নারী শিশুটিকে দেখতে পেয়ে পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ও শিশুটির মা-বাবা ঘটনাস্থলে গিয়ে শিশুটিকে নিজেদের হেফাজতে নেন।

ওসি আরও জানান, উদ্ধারকৃত শিশু ও তার পরিবারের সদস্যদের থানায় আনা হয়েছে। চুরির ঘটনায় জড়িত ওই কিশোরীকে শনাক্ত ও গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

মানবকণ্ঠ/ডিআর