পটুয়াখালীর কলাপাড়ায় এক যুবদল নেতাকে কুপিয়ে ও এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। গত রোববার রাত ১০টার দিকে উপজেলার চাকামইয়া ইউনিয়নের চুঙ্গাপাশা গ্রামে এ হামলার ঘটনা ঘটে। আহত বশার খান (৪২) ওই ইউনিয়নের ৯নং ওয়ার্ড যুবদলের সম্পাদক।
স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার রাতে তারাবির নামাজ শেষে বাড়ি ফিরছিলেন বশার খান। পথে ওত পেতে থাকা একদল অজ্ঞাত পরিচয় সন্ত্রাসী তাঁর ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে তাঁর মাথার উপরিভাগে কোপ দিলে হাড় কেটে গুরুতর জখম হয়। এ সময় লোহার রড দিয়ে পিটিয়ে তাঁর ডান পায়ের হাঁটুর নিচের হাড় গুঁড়িয়ে দেয় তারা। তাঁর আর্তচিৎকারে স্থানীয়রা ছুটে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে তাঁকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নেওয়া হয়।
আহত বশারের স্ত্রী জায়েদা বেগম দাবি করেন, কয়েক দিন আগে স্থানীয় কাওসার মৃধা ও জাকির মৃধার সঙ্গে তাঁর স্বামীর জমিজমা নিয়ে বিরোধ সৃষ্টি হয়েছিল। সেই শত্রুতার জেরেই এই হামলা হতে পারে। তবে স্থানীয় অন্য একটি সূত্রের দাবি, রাজনৈতিক বিরোধ বা দলীয় অভ্যন্তরীণ কোন্দলের জেরেও এ ঘটনা ঘটে থাকতে পারে।
কলাপাড়া হাসপাতালের চিকিৎসক ডা. মাহবুবুর রহমান বলেন, "আহত ব্যক্তির অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। তাঁর মাথায় ধারালো অস্ত্রের গভীর ক্ষত এবং ডান পায়ে হাড়ভাঙা জখম রয়েছে। উন্নত চিকিৎসার জন্য তাঁকে দ্রুত বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।"
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল ইসলাম জানান, বিষয়টি তিনি মৌখিকভাবে অবগত হয়েছেন। তবে এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
মানবকণ্ঠ/ডিআর




Comments