Image description

নেপালের প্রথম ট্রান্সজেন্ডার নারী সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন ভূমিকা শ্রেষ্ঠা। গলায় ফুলের মালা পরিয়ে সোমবার তাকে স্বাগত জানানো হয়, যা হিমালয়াঞ্চলীয় দেশটির প্রান্তিক এই সম্প্রদায়ের জন্য এক গুরুত্বপূর্ণ মাইলফলক।

নেপালের নির্বাচন কমিশন নিশ্চিত করেছে, ৩৭ বছর বয়সী শ্রেষ্ঠা মধ্যপন্থী দল রাষ্ট্রিয় স্বাধীনতা পার্টির (আরএসপি) অনুপাতিক প্রতিনিধিত্ব ব্যবস্থার সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন। দলটি গত সপ্তাহে ১৮২টি আসন নিয়ে পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে।

এলজিবিটিকিউ অধিকারকর্মী শ্রেষ্ঠা এএফপিকে বলেন, ‘আমি খুবই উচ্ছ্বসিত, তবে একই সঙ্গে কাঁধে বড় দায়িত্বও অনুভব করছি।’

তিনি বলেন, ‘আমাদের সংবিধানে আমাদের সম্প্রদায়ের জন্য নানা বিধান রয়েছে, কিন্তু সেগুলো এখনো আইন ও নীতিতে পুরোপুরি প্রতিফলিত হয়নি। আমাদের সম্প্রদায় আশা করে আমি সংসদে আমাদের বিষয়গুলো তুলে ধরব।’

৫ মার্চ অনুষ্ঠিত নির্বাচনে গঠিত ২৭৫ সদস্যের প্রতিনিধি পরিষদে তিনি দায়িত্ব পালন করবেন। এটি গত বছরের সেপ্টেম্বরে দুর্নীতিবিরোধী বিক্ষোভে সরকার পতনের পর প্রথম নির্বাচন।