Image description

২০২৬ বিশ্বকাপ সামনে রেখে দল গঠনের চূড়ান্ত পরীক্ষা শুরু করেছেন ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি। মার্চের ফিফা উইন্ডোর প্রীতি ম্যাচকে গুরুত্ব দিয়ে তিনি শক্তিশালী স্কোয়াড ঘোষণা করেছেন।

সোমবার (১৬ মার্চ) রাতে ফ্রান্স ও ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচের জন্য ২৬ সদস্যের দল দিয়েছে ব্রাজিল। দলটিতে অভিজ্ঞ ও তরুণ খেলোয়াড়দের সমন্বয় রাখা হয়েছে, যাতে সামনে থাকা বিশ্বকাপ-এর আগে সেরা কম্বিনেশন খুঁজে পাওয়া যায়। 

তবে তালিকায় নেই পোস্টার বয় নেইমার জুনিয়র। যদিও তিনি প্রাথমিক তালিকায় ছিলেন, কিন্তু শেষ পর্যন্ত ফিটনেস সমস্যার কারণে বাদ পড়েছেন। 

অন্যদিকে, বিশ্বকাপ খেলার স্বপ্ন শেষ হয়ে যাওয়া রদ্রিগো গোয়েসও নেই এই তালিকায়। চোটের কারণে স্কোয়াডের বাইরে রাখা হয়েছে এডার মিলিতাও, ব্রুনো গুইমারেস এবং এস্তেভাওকেও।

আনচেলত্তির দলে এবার তারুণ্যের জয়জয়কার। বিস্ময়বালক এন্ড্রিকের সাথে প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন লিও পেরেইরা, গ্যাব্রিয়েল সারা, ইগর থিয়াগো ও রায়ান। এছাড়া দলে ফিরেছেন ডিফেন্ডার ইবানেজ ও অভিজ্ঞ দানিলো।

দল নির্বাচনের ক্ষেত্রে আনচেলত্তি খেলোয়াড়দের সাম্প্রতিক ফিটনেসকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন। তিনি জানিয়েছেন, এই প্রীতি ম্যাচগুলোর মাধ্যমেই বিশ্বকাপের সেরা কম্বিনেশন খুঁজে পেতে চান। 

নতুনদের সুযোগ দেওয়া প্রসঙ্গে তিনি বলেন, "জাতীয় দলের পরিবেশে তারা কেমন মানিয়ে নিতে পারে, সেটাই এখন আমাদের মূল দেখার বিষয়।"

আগামী ২৬ মার্চ বোস্টনে ফ্রান্স এবং ৩১ মার্চ অরল্যান্ডোতে ক্রোয়েশিয়ার বিপক্ষে মাঠে নামবে পাঁচবারের বিশ্বজয়ীরা।