Image description

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মেঘনা পেট্রোলিয়াম ডিপো আকস্মিক পরিদর্শন করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। মঙ্গলবার (১৭ মার্চ) বেলা সাড়ে ১১টায় তিনি ডিপোতে পৌঁছে এর সার্বিক ব্যবস্থাপনা ও কার্যক্রম পর্যবেক্ষণ করেন।

পরিদর্শনকালে প্রতিমন্ত্রী ডিপোর কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন। এসময় তিনি জ্বালানি তেল সরবরাহ প্রক্রিয়ায় কোনো ধরনের হয়রানি বা প্রতিবন্ধকতা রয়েছে কি না, তা সরাসরি ব্যবসায়ীদের কাছে জানতে চান। একইসাথে প্রতিমন্ত্রী জ্বালানি তেলের অবৈধ লেনদেন ও চোরাকারবার বন্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন। 

তিনি বলেন, "জ্বালানি তেল চুরি, অবৈধ মজুত কিংবা যেকোনো অনিয়মের সঙ্গে জড়িত ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে তথ্য পাওয়া গেলে কোনো ছাড় দেওয়া হবে না। তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।"

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারিক প্রতিমন্ত্রীর পরিদর্শনের বিষয়টি নিশ্চিত করে জানান, প্রতিমন্ত্রী মহোদয় জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দিয়েছেন। তবে এ বিষয়ে মেঘনা ডিপোর ইনচার্জ মাহবুবুর রহমানের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

পরিদর্শন শেষে দুপুর সাড়ে ১২টার দিকে প্রতিমন্ত্রী ঢাকার উদ্দেশে রওনা হন।

মানবকণ্ঠ/ডিআর