জামালপুরের মেলান্দহ উপজেলায় ইয়াবাসহ ছাত্রদলের দুই নেতাকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। সোমবার দিবাগত রাতে উপজেলার আদ্রা ইউনিয়নে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার (১৭ মার্চ) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন জামালপুর ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাইয়ুম।
গ্রেপ্তারকৃতরা হলেন: মেলান্দহ উপজেলার ৬ নম্বর আদ্রা ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি মো. আনিছুর রহমান এবং একই ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সাধারণ সম্পাদক এনামুল হক।
ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, মাদক কেনাবেচার গোপন সংবাদের ভিত্তিতে আদ্রা ইউনিয়নে বিশেষ অভিযান চালায় গোয়েন্দা পুলিশের একটি দল। অভিযানে আনিছুর ও এনামুলকে ৪০ পিস ইয়াবাসহ হাতেনাতে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের সঙ্গে থাকা আরও দুই ব্যক্তিকে মাদকসহ গ্রেপ্তার করে পুলিশ। অভিযানে মোট ৪ জন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
জামালপুর গোয়েন্দা পুলিশের ওসি আব্দুল কাইয়ুম মানবকণ্ঠকে জানান, "ইয়াবাসহ হাতেনাতে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মেলান্দহ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। মাদকের বিরুদ্ধে আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।"
গ্রেপ্তারকৃত ছাত্রদল নেতাদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শেষে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ। এলাকায় মাদকের বিস্তার রোধে ডিবি পুলিশের এই তৎপরতাকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।
মানবকণ্ঠ/আরআই




Comments