Image description

ময়মনসিংহের ভালুকায় বাসার ছাদ থেকে পড়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) সাবেক শিক্ষার্থী উম্মে হাবিবা রিজু (৩০) প্রাণ হারিয়েছেন। সোমবার (১৬ মার্চ) বিকেলে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

পারিবারিক সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে নিজ বাসার ছাদে অবস্থানকালে অসাবধানতাবশত নিচে পড়ে যান রিজু। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত চিকিৎসার ব্যবস্থা করা হলেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি।

নিহত উম্মে হাবিবা রিজু বিশ্ববিদ্যালয়ের ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। সম্প্রতি তিনি স্নাতক সম্পন্ন করেছিলেন। ব্যক্তিগত জীবনে তিনি এক পুত্র ও এক কন্যা সন্তানের জননী। তার স্বামী ডা. মো. রাশিদুল ইসলাম একজন ভেটেরিনারি চিকিৎসক হিসেবে কর্মরত।

রিজুর অকাল মৃত্যুতে বিশ্ববিদ্যালয় পরিবার ও সহপাঠীদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে। ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান ড. জিল্লুর রহমান পল গভীর শোক প্রকাশ করে বলেন, "রিজুর এমন অকাল মৃত্যু আমাদের জন্য অত্যন্ত বেদনাদায়ক। আমরা তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই।"

মানবকণ্ঠ/ডিআর