Image description

পবিত্র ঈদুল ফিতরের দিন দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বিশেষ করে আগামী ২০, ২১ ও ২২ মার্চ দেশের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

আবহাওয়ার তিন দিনের পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া এবং বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোনো কোনো এলাকায় বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির শঙ্কাও রয়েছে। এ সময় দিন ও রাতের তাপমাত্রা কিছুটা হ্রাস-বৃদ্ধি পেতে পারে।

পূর্বাভাস অনুযায়ী, শনিবার (২১ মার্চ) ঈদের দিন ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। ওই দিন সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা কিছুটা কমতে পারে।

রাজধানী ঢাকায় বর্তমানে পশ্চিম ও দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০-১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হচ্ছে, যা অস্থায়ীভাবে দমকা আকারে ঘণ্টায় ৪০-৫০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। ফলে ঈদের নামাজের জামাত ও উৎসবের প্রস্তুতিতে বৃষ্টির কথা মাথায় রাখার পরামর্শ দিচ্ছেন আবহাওয়াবিদরা।

আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, খুলনা, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

মানবকণ্ঠ/ডিআর