সংযুক্ত আরব আমিরাত (ইউএই) উপকূলে একটি বাণিজ্যিক জাহাজে ভয়াবহ হামলার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৯ মার্চ) ভোরে হরমুজ প্রণালির প্রবেশমুখের কাছে এই হামলার পর জাহাজটিতে আগুন ধরে যায়। যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) এই তথ্য নিশ্চিত করেছে।
ইউকেএমটিও-এর বরাতে জানা গেছে, জাহাজটি যখন খোর ফাক্কান উপকূলের কাছে অবস্থান করছিল, তখন ‘অজ্ঞাত উৎসের একটি বস্তু’ সেটিকে আঘাত করে। এতে মুহূর্তেই জাহাজে আগুন ছড়িয়ে পড়ে। তবে হামলায় কেউ হতাহত হয়েছে কি না বা জাহাজটির ক্ষয়ক্ষতির পরিমাণ কত, তা তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানানো হয়নি।
মধ্যপ্রাচ্যের এই গুরুত্বপূর্ণ জলপথে ইরান ও সংশ্লিষ্ট শক্তির উত্তেজনার প্রেক্ষাপটে বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনা নিয়মিত হয়ে দাঁড়িয়েছে। বিশ্লেষকদের মতে, এ পর্যন্ত ২০টিরও বেশি বাণিজ্যিক জাহাজ এমন হামলার শিকার হয়েছে। এই ধারাবাহিকতা বিশ্বব্যাপী শিপিং নেটওয়ার্ক এবং জ্বালানি সরবরাহ ব্যবস্থায় গভীর শঙ্কা ও অস্থিরতা সৃষ্টি করেছে।
হরমুজ প্রণালি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ হওয়ায় এই হামলার ঘটনা আন্তর্জাতিক বাজারে বড় ধরনের প্রভাব ফেলতে পারে বলে ধারণা করা হচ্ছে।
মানবকণ্ঠ/ডিআর




Comments