দেশের কোচিং সেন্টারগুলোতে রাজনীতির অনুপ্রবেশ এবং কোমলমতি শিক্ষার্থীদের ওপর এর নেতিবাচক প্রভাব নিয়ে কড়া সমালোচনা করেছেন জ্যেষ্ঠ সাংবাদিক মাসুদ কামাল। তার দাবি, দেশের প্রায় ৯০ শতাংশ কোচিং সেন্টারই বর্তমানে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের নিয়ন্ত্রণে রয়েছে বলে জোরালো অভিযোগ আছে।
একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে মাসুদ কামাল বলেন, বর্তমানের কোচিংনির্ভর শিক্ষাব্যবস্থা শিশুদের স্বাভাবিক শৈশব ও স্বাধীন চিন্তাশক্তিকে চরমভাবে ক্ষতিগ্রস্ত করছে।
তিনি অভিযোগ করেন, ‘ওরা একজন শিশুর শিশুতোষ সময়কে টার্গেট করে সেই সময় থেকেই মগজ ধোলাই (ব্রেইনওয়াশ) শুরু করে। আমার মূল আপত্তি ঠিক এখানেই।’
মাসুদ কামাল আরও বলেন, এই রাজনৈতিক প্রভাবের ফলে শিশুরা তাদের নিজস্ব চিন্তা বা স্বাধীনভাবে বেড়ে ওঠার সুযোগ হারাচ্ছে। শৈশবেই তাদের মনোজগতে বিশেষ রাজনৈতিক মতাদর্শ চাপিয়ে দেওয়ার যে প্রক্রিয়া চলছে, তা দেশের ভবিষ্যৎ প্রজন্মের মানসিক বিকাশের জন্য বড় হুমকি। মূলত শিশুদের স্বাধীনভাবে বেড়ে উঠতে না দিয়ে একটি সুনির্দিষ্ট রাজনৈতিক লক্ষ্য বাস্তবায়নে তাদের ব্যবহার করা হচ্ছে বলে তিনি দাবি করেন।
মানবকণ্ঠ/ডিআর




Comments