Image description

পারস্য উপসাগরের কৌশলগত গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল জলপথ হরমুজ প্রণালি দিয়ে জাপানি জাহাজগুলোর নিরাপদ চলাচলের সুযোগ করে দিতে ইরান প্রস্তুত বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। জাপানি সংবাদমাধ্যম কিয়োদো নিউজকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি এ কথা জানান।

আব্বাস আরাগচি বলেন, ‘আমরা হরমুজ প্রণালি বন্ধ করিনি, এটি এখনো সবার জন্য উন্মুক্ত রয়েছে।’ তবে তিনি বর্তমান আঞ্চলিক পরিস্থিতির প্রেক্ষাপটে জোর দিয়ে বলেন, তেহরান কেবল সাময়িক কোনো যুদ্ধবিরতি নয়, বরং চলমান সংঘাতের একটি পূর্ণাঙ্গ, সমন্বিত এবং স্থায়ী অবসান চায়।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী স্পষ্ট করেন যে, ইরান ঢালাওভাবে প্রণালিটি বন্ধ না করলেও যারা ইরানের ওপর সরাসরি হামলায় জড়িত, কেবল সেই দেশগুলোর জাহাজের ওপর নির্দিষ্ট বিধিনিষেধ আরোপ করা হয়েছে। বর্তমান নিরাপত্তা সংকটের মধ্যেও অন্য দেশগুলোর জাহাজ চলাচলে প্রয়োজনীয় সহায়তার প্রস্তাব দিয়েছে তেহরান। আরাগচি জানান, জাপানের মতো দেশগুলো যদি তেহরানের সঙ্গে সমন্বয় করে চলাচল করে, তবে তাদের জাহাজের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে ইরান প্রতিশ্রুতিবদ্ধ।

উল্লেখ্য, জাপানের আমদানিকৃত অপরিশোধিত জ্বালানি তেলের ৯০ শতাংশেরই বেশি আসে মধ্যপ্রাচ্য থেকে। এই বিপুল পরিমাণ তেলের সিংহভাগই হরমুজ প্রণালি দিয়ে পরিবাহিত হয়। ফলে এই জলপথের নিরাপত্তা ও স্থিতিশীলতা জাপানের অর্থনীতি ও জ্বালানি নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ বিষয়ে বর্তমানে টোকিও এবং তেহরানের মধ্যে কূটনৈতিক আলোচনা চলছে বলেও জানান আরাগচি।

মানবকণ্ঠ/ডিআর