Image description

অবিলম্বে 'সংবিধান সংস্কার পরিষদ' গঠন করা না হলে ঈদের পর সংসদের ভেতরে ও বাইরে থেকে সরকারকে সর্বোচ্চ চাপ প্রয়োগ করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন এনসিপি আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি স্পষ্ট করে বলেন, সংবিধানের দোহাই দিয়ে জুলাই বিপ্লবের চেতনা বা ‘জুলাই সনদ’কে কোনোভাবেই অস্বীকার করা যাবে না।

শনিবার (২১ মার্চ) সকালে রাজধানীর বেরাইদ এলাকার পূর্বপাড়া জামে মসজিদে ঈদুল ফিতরের নামাজ আদায় শেষে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, “ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর প্রথমেই সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণের কথা থাকলেও তা এখনো বাস্তবায়ন না হওয়ায় জনমনে হতাশার সৃষ্টি হয়েছে। যদি সরকার দ্রুত এই পরিষদ গঠনের দিকে না যায়, তবে ঈদের পর আমরা বিরোধী দল হিসেবে রাজপথ ও সংসদ—উভয় জায়গাতেই কঠোর অবস্থানে যাব।”

গণঅভ্যুত্থানের প্রেক্ষাপট স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, “বর্তমান সংবিধানের বাইরে থেকেই গণঅভ্যুত্থানের সূচনা হয়েছিল। তাই এখন সংবিধানের দোহাই দিয়ে জুলাই সনদকে অবজ্ঞা করার সুযোগ নেই। এটি বাস্তবায়নের জন্য সরকারের রাজনৈতিক সদিচ্ছা অত্যন্ত জরুরি।”

সরকারের এক মাসের কার্যক্রমের মূল্যায়ন করতে গিয়ে বিরোধীদলীয় এই নেতা বলেন, “একটি সরকারের কাজের পূর্ণাঙ্গ মূল্যায়ন বা সমালোচনা করার জন্য এক মাস যথেষ্ট সময় নয়। তাদের আরও সময় দেওয়া প্রয়োজন। তবে সরকার তাদের প্রতিশ্রুতি অনুযায়ী ফ্যামিলি কার্ড বিতরণসহ কিছু কাজ দ্রুততার সঙ্গে সম্পন্ন করেছে, যা ইতিবাচক।”

নামাজ শেষে নাহিদ ইসলাম স্থানীয় মুসল্লিদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন এবং দেশের শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।

মানবকণ্ঠ/ডিআর