যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান সংঘাতের ফলে সৃষ্ট বৈশ্বিক অর্থনৈতিক বিপর্যয় মোকাবিলায় জরুরি বৈঠক ডেকেছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। সোমবার (২৩ মার্চ) এই বিশেষ বৈঠকটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
ডাউনিং স্ট্রিট সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রীর ডাকা এই উচ্চপর্যায়ের বৈঠকে অংশ নেবেন ব্রিটিশ অর্থমন্ত্রী র্যাচেল রিভস এবং ব্যাংক অব ইংল্যান্ডের গভর্নর অ্যান্ড্রু বেইলি। এছাড়া উদ্ভূত পরিস্থিতি পর্যালোচনায় বৈঠকে আরও উপস্থিত থাকবেন পররাষ্ট্রমন্ত্রী ইভেট কুপার এবং জ্বালানি মন্ত্রী এড মিলিব্যান্ড।
যুক্তরাজ্যের অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, চলমান যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব মোকাবিলায় এই ‘কোবরা’ (COBRA) বৈঠকে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোকপাত করা হবে। এর মধ্যে রয়েছে- সাধারণ পরিবার ও ব্যবসায়িক খাতের ওপর যুদ্ধের প্রভাব, জাতীয় জ্বালানি নিরাপত্তা নিশ্চিতকরণ, শিল্প ও সরবরাহ ব্যবস্থার (Supply Chain) স্থিতিশীলতা বজায় রাখা এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতিক্রিয়া নিয়ে চুলচেরা বিশ্লেষণ।
বিশ্লেষকরা বলছেন, যুক্তরাজ্য বর্তমানে আমদানিকৃত প্রাকৃতিক গ্যাসের ওপর ব্যাপকভাবে নির্ভরশীল। ইরান ও ইসরায়েল-যুক্তরাষ্ট্রের মধ্যকার এই সংঘাত প্রশমিত হওয়ার কোনো লক্ষণ না থাকায় আন্তর্জাতিক বাজারে অস্থিরতা বাড়ছে। এর সরাসরি প্রভাব হিসেবে আগামী সপ্তাহ থেকেই যুক্তরাজ্যে জ্বালানি তেলের দাম উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাওয়ার আশঙ্কা করা হচ্ছে, যা ব্রিটিশ অর্থনীতিকে নতুন করে চাপের মুখে ফেলতে পারে।
মানবকণ্ঠ/ডিআর




Comments