Image description

বাংলাদেশ জামায়াতে ইসলামী কোনো নীতি বা আদর্শ বিসর্জন দিয়ে যেন-তেনভাবে ক্ষমতায় যেতে চায় না বলে জানিয়েছেন দলটির কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ জেলা আমির মমিনুল হক সরকার। তিনি বলেন, রাজনৈতিক সাফল্যের জন্য আদর্শ ত্যাগ করা জামায়াতের নীতির পরিপন্থী।

মঙ্গলবার (২৪ মার্চ) সকালে নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার মঙ্গলেরগাঁও বাজারে পিরোজপুর ও শম্ভুপুরা ইউনিয়ন জামায়াতের কার্যালয়ে আয়োজিত এক ঈদ পুনর্মিলনী ও প্রীতিভোজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পিরোজপুর ইউনিয়ন জামায়াতে ইসলামী এই অনুষ্ঠানের আয়োজন করে।

মমিনুল হক সরকার বলেন, “আমরা দ্বীনের স্বার্থে রাজনীতি করি। কোনো পরিস্থিতিতেই আমরা ইসলামী আদর্শ থেকে বিচ্যুত হবো না। জামায়াত ক্ষমতায় যাওয়ার জন্য মরিয়া নয়, বরং আমরা সবার সম্মতিতে আগামীতে একটি ইনসাফভিত্তিক সরকার গঠন করতে চাই।”

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে প্রিন্সিপাল ড. মো. ইকবাল হোসাইন ভূঁইয়া বলেন, মানুষের জীবনের মূল উদ্দেশ্য হওয়া উচিত আল্লাহর সন্তুষ্টি অর্জন। ব্যক্তি, পরিবার ও রাষ্ট্রীয় জীবনে ন্যায়বিচার প্রতিষ্ঠায় ইসলামের নির্দেশনা অনুসরণের কোনো বিকল্প নেই।

প্রবীণ জামায়াত নেতা জজ মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে সোনারগাঁও উপজেলা দক্ষিণ জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বক্তারা সাম্য ও মানবিক মর্যাদা প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

মানবকণ্ঠ/ডিআর