Image description

সিরাজগঞ্জের এনায়েতপুরে বিএনপি ও গণঅধিকার পরিষদের শতাধিক নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগদান করেছেন। মঙ্গলবার (২৪ মার্চ) দুপুরে এনায়েতপুর থানার কেজির মোড় এলাকার একটি রেস্টুরেন্টে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে তারা এনসিপিতে যোগ দেন।

অনুষ্ঠানে এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব মাহিন সরকার ও এস এম সাইফ মোস্তাফিজ নতুন সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেন।

গণঅধিকার পরিষদ ছেড়ে এনসিপিতে যোগদান করা সমর্থক মাসুম শেখ বলেন, “চব্বিশের ছাত্র-জনতার আন্দোলনের মধ্য দিয়ে গড়ে ওঠা এনসিপির প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা থেকে আমরা আজ স্বেচ্ছায় এই দলে যোগ দিয়েছি। আমাদের সঙ্গে বিএনপির অনেক সক্রিয় সমর্থকও রয়েছেন যারা পরিবর্তনের রাজনীতি চান।”

এনসিপিতে শতাধিক তরুণের যোগদানের বিষয়টি নিশ্চিত করে দলটির যুগ্ম সদস্যসচিব এস এম সাইফ মোস্তাফিজ বলেন, “বিএনপির তৃণমূলের নেতাকর্মীরা গত ১৭ বছর হামলা, মামলা, গুম ও খুনের শিকার হয়ে রাজপথে লড়াই করেছেন। কিন্তু বর্তমানে তারা দেখছেন আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে পুনর্বাসনের প্রক্রিয়া চলছে। এই প্রেক্ষাপটে তৃণমূলের ত্যাগী নেতাকর্মীরা ব্যথিত হয়ে বিকল্প হিসেবে এনসিপির তারুণ্যনির্ভর ও দেশপ্রেমিক রাজনীতির ছায়াতলে আসছেন।”

এই যোগদানের মাধ্যমে সিরাজগঞ্জ এলাকায় জাতীয় নাগরিক পার্টির সাংগঠনিক ভিত্তি আরও মজবুত হবে বলে মনে করছেন স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা।

মানবকণ্ঠ/ডিআর