আইপিএলের অন্যতম জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি) রেকর্ড দামে বিক্রি হয়েছে। প্রায় ১.৭৮ বিলিয়ন ডলারের বিশাল অঙ্কে দলটির মালিকানা বদল হয়েছে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২১ হাজার ৮৫০ কোটি টাকা। এই চুক্তির মাধ্যমে আইপিএলের ইতিহাসে অন্যতম বড় আর্থিক লেনদেনের সাক্ষী হলো ক্রিকেট বিশ্ব।
বেঙ্গালুরুর পুরুষ ও নারী—উভয় দলের শতভাগ মালিকানা গ্রহণ করেছে ভারতের শীর্ষ ব্যবসায়িক প্রতিষ্ঠান ‘আদিত্য বিরালা গ্রুপ’-এর একটি কনসোর্টিয়াম। এই জোটে আরও রয়েছে ‘দ্য টাইমস গ্রুপ বোল্ট ভেঞ্চারস’ এবং ‘ব্ল্যাকস্টোন’। নতুন মালিকানায় দলের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন সাবেক ক্রিকেটার বিক্রম বিরালা এবং ভাইস চেয়ারম্যান হিসেবে থাকবেন টাইমস গ্রুপের সত্যেন গাজওয়ানি।
২০০৮ সালে আইপিএলের শুরুতে বিজয় মালিয়ার ইউনাইটেড ব্রুয়ারিজে মাত্র ১১১.৬ মিলিয়ন ডলারে দলটি কিনেছিলেন। ১৮ বছরের ব্যবধানে সেই ফ্র্যাঞ্চাইজির মূল্য বেড়েছে প্রায় ১৪৯৫ শতাংশ। ২০২১ সালে বিসিসিআই আইপিএলের নতুন দুটি দল (লখনউ ও আহমেদাবাদ) সম্মিলিতভাবে ১.৬৯ বিলিয়ন ডলারে বিক্রি করেছিল। অথচ বর্তমানে এককভাবে বেঙ্গালুরুর দাম সেই সম্মিলিত অঙ্ককেও ছাড়িয়ে গেছে।
২০১৬ সালে আর্থিক কেলেঙ্কারির কারণে বিজয় মালিয়া দেশ ছাড়ার পর দলটির নিয়ন্ত্রণ নিয়েছিল যুক্তরাজ্যভিত্তিক প্রতিষ্ঠান ডিয়াগিও। তাদের অধীনস্থ ইউনাইটেড স্পিরিটস লিমিটেড এতদিন এটি পরিচালনা করে আসছিল। তবে ২০২৫ সালে আরসিবির শিরোপা উদ্যাপনের সময় এক মর্মান্তিক দুর্ঘটনায় ১১ জন সমর্থকের মৃত্যুর পর থেকেই মালিকানা পরিবর্তনের চাপ বাড়তে থাকে। গত নভেম্বরে বিক্রির চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার পর নির্ধারিত সময়ের মধ্যেই এই প্রক্রিয়া সম্পন্ন হলো।
মাঠে পারফরম্যান্সের পাশাপাশি ব্যবসায়িক দিক থেকেও আরসিবি বরাবরই শক্তিশালী। বিশেষ করে বিরাট কোহলির মতো বিশ্বসেরা তারকার উপস্থিতি দলটির জনপ্রিয়তা ও ব্র্যান্ড ভ্যালুকে অনন্য উচ্চতায় নিয়ে গেছে। দীর্ঘদিন শিরোপার অপেক্ষা থাকলেও সর্বশেষ মৌসুমে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে আরসিবি, যা তাদের বিক্রয়মূল্য বৃদ্ধিতে বড় ভূমিকা রেখেছে।
মানবকণ্ঠ/আরআই




Comments