Image description

দেশের সাতটি অঞ্চলে দুপুরের মধ্যে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। বৈরী আবহাওয়ার আশঙ্কায় এসব এলাকার অভ্যন্তরীণ নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ মার্চ) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেওয়া এক বিশেষ পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানায়, রংপুর, দিনাজপুর, ময়মনসিংহ, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা ও নোয়াখালী অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে কালবৈশাখী ধরনের ঝড় ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

এই পরিস্থিতিতে সংশ্লিষ্ট এলাকার নৌযানগুলোকে অত্যন্ত সতর্কতার সঙ্গে চলাচল করতে এবং প্রয়োজনে নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।

এদিকে, সন্ধ্যা ৬টা পর্যন্ত দেওয়া পরবর্তী ২৪ ঘণ্টার সাধারণ পূর্বাভাসে বলা হয়েছে, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বিদ্যুৎ চমকানো ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্যান্য স্থানে আকাশ আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

তাপমাত্রার বিষয়ে অধিদপ্তর জানিয়েছে, সারাদেশে দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে এবং রাতের তাপমাত্রাও সামান্য বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে।

মানবকণ্ঠ/আরআই