প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো সরকারি গাড়িতে জাতীয় পতাকা ব্যবহার করেছেন তারেক রহমান। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আয়োজিত রাষ্ট্রীয় কর্মসূচিগুলোতে অংশগ্রহণের সময় তাঁর গাড়িতে এই পতাকা উড়তে দেখা যায়। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ মার্চ) ভোরে সাভারে জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে যাওয়ার সময় প্রধানমন্ত্রীকে বহনকারী গাড়ির স্ট্যান্ডে জাতীয় পতাকা সংযুক্ত ছিল। স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ শেষে ফেরার পথেও তাঁর পতাকাবাহী গাড়িটি সবার দৃষ্টি আকর্ষণ করে।
পরবর্তীতে রাজধানীর জাতীয় প্যারেড গ্রাউন্ডে আয়োজিত স্বাধীনতা ও জাতীয় দিবসের কুচকাওয়াজ অনুষ্ঠানেও প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় পতাকাবাহী গাড়িতে চড়ে উপস্থিত হন। উল্লেখ্য, বাংলাদেশের রাষ্ট্রীয় প্রটোকল অনুযায়ী প্রধানমন্ত্রী তাঁর দাপ্তরিক গাড়িতে জাতীয় পতাকা ব্যবহারের অধিকারী, যা আজ থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হলো।
প্রধানমন্ত্রীর পতাকাবাহী গাড়িতে যাতায়াতের এই চিত্রটি সামাজিক যোগাযোগমাধ্যম ও সাধারণ মানুষের মধ্যে বেশ আলোচনার জন্ম দিয়েছে।
মানবকণ্ঠ/আরআই




Comments