Image description

চট্টগ্রামের সীতাকুণ্ডে ঢাকা অভিমুখী ‘চত্তলা এক্সপ্রেস’ ট্রেনের দুটি বগিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল ৭টার দিকে উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের বাংলাদেশ মিলিটারি গেট সংলগ্ন রেললাইন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। তবে যাত্রীরা দ্রুত ট্রেন থেকে নেমে যেতে সক্ষম হওয়ায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, চট্টগ্রাম রেল স্টেশন থেকে ছেড়ে আসা ট্রেনটি মিলিটারি গেট এলাকা অতিক্রম করার সময় হঠাৎ ট্রেনের পাওয়ার কারে (বিদ্যুৎ উৎপাদনকারী বগি) আগুন লেগে যায়। মুহূর্তেই আগুন পাশের একটি শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) বগিতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে মাদামবিবির হাট নৌ-বাহিনীর ফায়ার সার্ভিস ও কুমিরা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

স্থানীয় প্রত্যক্ষদর্শী সুমন জানান, "সকালে হঠাৎ ট্রেনের বগিতে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখি। আমরা এলাকাবাসী দ্রুত বাসা থেকে পানি নিয়ে নেভানোর চেষ্টা করি, কিন্তু আগুনের তীব্রতা বেশি হওয়ায় নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। পরে নৌ-বাহিনী ও ফায়ার সার্ভিস এসে আগুন নেভায়। আমরা দ্রুত অন্য বগির যাত্রীদের নিরাপদে নামিয়ে আনতে সহায়তা করি।"

রেলওয়ে চট্টগ্রাম বিভাগীয় ব্যবস্থাপক (ডিআরএম) মোস্তাফিজুর রহমান ভূঁইয়া জানান, পাওয়ার কার থেকে আগুনের সূত্রপাত হয়ে পাশের বগিতে ছড়িয়েছিল। তবে আগুন ছড়িয়ে পড়ার আগেই যাত্রীরা তাদের মালামালসহ নিরাপদে নেমে যেতে পেরেছেন। চট্টগ্রাম থেকে বিকল্প পাওয়ার কার পাঠিয়ে ক্ষতিগ্রস্ত বগিগুলো আলাদা করে ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে রওনা করে দেওয়া হয়েছে। সাময়িকভাবে ট্রেন চলাচলে কিছুটা বিঘ্ন ঘটলেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

এদিকে অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে রেলওয়ে পূর্বাঞ্চল কর্তৃপক্ষ। বিভাগীয় পরিবহন কর্মকর্তাকে (ডিটিও) কমিটির প্রধান করা হয়েছে। ডিআরএম মোস্তাফিজুর রহমান ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, "প্রাথমিকভাবে যান্ত্রিক ত্রুটি থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে। তবে তদন্ত প্রতিবেদন পাওয়ার পর প্রকৃত কারণ জানা যাবে এবং সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।"

মানবকণ্ঠ/ডিআর