নাটোরের বড়াইগ্রামে নির্মাণাধীন পাওয়ার গ্রিডের পাহারাদারদের বেঁধে রেখে লুট করে নিয়ে গেছে ১ কোটি ৯৩ লাখ টাকার মালামাল।
বুধবার গভীর রাতে উপজেলা বনপাড়ায় এ ঘটনা ঘটে বলে জানান বড়াইগ্রাম সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শোভন চন্দ্র হোড়।
গ্রিডের উপসহকারী প্রকৌশলী আনাস আলী বলেন, নির্মাণাধীন গ্রিডে বতর্মানে সিভিল কনস্ট্রাকশান ও ইলেকট্রিক ফিটিংসের কাজ চলছে। তাদের পক্ষ থেকে চারজন পাহারাদার নিয়োগ করা হয়েছে। ইলেকট্রিক অংশের কাজ করছেন চায়না ন্যাশনাল ওয়ার অ্যান্ড ক্যাবল ইমপোর্ট-এক্সপোর্ট কর্পোরেশন (সিসি কম্পানি)।
সিসির প্রকৌশলী সোলায়মান আলী বলেন, “আমরা চায়না কোম্পানির প্রতিনিধি হিসাবে কাজ করছি। আমাদের লুট হওয়া মালামাল তালিকা যাচাই করে দেখা গেছে ৩৬৮টি ব্যাটারি নিয়ে গেছে যার প্রায় মূল্য এক কোটি ১৩ লাখ, ২ হাজার মিটার তামার তার, যার মূল্য প্রায় ৫৩ লাখ টাকাসহ অন্যান্য মিলে ১ কোটি ৯২ লাখ ষাট হাজার ২৮৯ টাকার মালামাল লুট হয়েছে।
তিনি আরও বলেন, “এখানে দুটি ডিভিআর দ্বারা সিসি ক্যামেরা পরিচালিত হতো। তারা দুটি ডিভিআরই নিয়ে গেছে। একই সাথে পাহারাদারদের কাছে থাকা মোবাইল ফোনও নিয়ে গেছে।”
আবুল কাশেম বলেন, “তারা অস্ত্র বের করে আমাদের জিম্মি করে। পরে হাত, মুখ, চোখ, পা বেধে হুমকি দেয় কোনো শব্দ করলে প্রাণে মেরে ফেলার। এরপর ভিতরে গাড়ি ঢুকিয়ে গভীর রাতে মালামাল লুট করে পালিয়ে যায়।”
পরে তারা নিজেদের বাঁধন খুলে বাইরে গিয়ে ৯৯৯ ও প্রকৌশলীদের বিষয়টি জানান।
অতিরিক্ত পুলিশ সুপার শোভন চন্দ্র হোড় বলেন, “খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। পিজিসিবির পক্ষ থেকে অভিযোগ দাখিলের প্রক্রিয়া চলছে।
ডিবি টিম কাজ শুরু করেছে। ঘটনায় জড়িতদের আটক এবং মালামাল উদ্ধারে পুলিশ কাজ করছে বলেও জানান তিনি।




Comments